রাজধানীতে আ. লীগের শোভাযাত্রা, যানজট

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীতে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তিকে বিরল সাফল্য হিসেবে উল্লেখ করা হয়।
সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হওয়া এই শোভাযাত্রার কারণে সাপ্তাহিক ছুটির দিনেও আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পথে বের হওয়া মানুষকে পড়তে হয় দুর্ভোগে।
শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকালের শোভাযাত্রায় অংশ নিতে বেলা দুইটা থেকেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল, ঘোড়ার গাড়ি, ট্রাক ও বাসে করে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। তাঁদের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও অংশ নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, রঙিন বেলুনের গুচ্ছ। মাইকে প্রচার করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। বাদ্য বাজিয়ে, স্লোগানে চারপাশ মুখর করে শোভাযাত্রাটি প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে শেষ হয়। দীর্ঘ এই শোভাযাত্রার কারণে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, মৎস্য ভবন, তোপখানা রোড, মিরপুর রোড, নিউ এলিফ্যান্ট রোড, কাঁটাবনসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীদের স্লোগানের মধ্যে ছিল, ‘পেট্রল বোমাবাজ, জামায়াত-শিবির, জঙ্গিগোষ্ঠীর এ দেশের মাটিতে স্থান নেই’। ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিপুল বিজয় এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক বিজয়ী হওয়ায় শোভাযাত্রায় আনন্দ-উল্লাস প্রকাশ করা হয়। এ ছাড়া ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির সাফল্যে ২৯ মে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের নেতারা।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি সে দেশের পার্লামেন্টে পাস হওয়াকে বিরল সাফল্য উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই গণতন্ত্র, শেখ হাসিনা মানেই বাংলাদেশের অর্জন। তাঁর যোগ্য নেতৃত্বেই এই চুক্তির বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি এটিকে ‘পিতার হাতে রচিত, কন্যার হাতে সম্পাদিত’ বলে উল্লেখ করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ।