রাজধানীতে আজ আ.লীগের সমাবেশ বিএনপির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার সকালে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আর বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপহরণ-গুম-খুনের প্রতিবাদে আজ সকালে পূর্বঘোষিত মানববন্ধন রয়েছে ২০-দলীয় জোটের। তবে মানববন্ধনের স্থান গতকাল সন্ধ্যা পর্যন্ত চূড়ান্ত হয়নি।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হবে।
তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় প্রেসক্লাবকে কেন্দ্রে রেখে তাঁদের এ কর্মসূচি পালন করা হবে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁরা কর্মসূচি পালনের অনুমতি পাননি।
গত সোমবার জোটের এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকার বাইরে সব জেলা সদর ও মহানগরেও একই কর্মসূচি পালন করার কথা রয়েছে।
অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। একই স্থানে কাল রোববার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে’ ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দুটি কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ ইতিমধ্যে অনেক প্রস্তুতি নিয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) প্রথম আলোকে বলেন, আজকের সমাবেশে ঢাকার সব ওয়ার্ড ও থানা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী আসবেন। তিনি একই দিন বিএনপির মানববন্ধন কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘কেউ পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্ট করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা দেখবে।’