যানজট এড়াতে ছুটির দিন ছাড়া রাজধানীতে সমাবেশ-শোভাযাত্রা নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শুক্র-শনিবার ছাড়া রাজধানীতে কোনো শোভাযাত্রা-সমাবেশ করা যাবে না। ৭ মার্চ ও ২৬ মার্চসহ তিনটি বড় কর্মসূচি রয়েছে। তাই এসব দিনে জনসভার কর্মসূচি বাদ দিয়ে ঘরোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এটা করা হয়েছে জনগণের স্বার্থে। আমরা রাজনীতি করি জনস্বার্থে। জনগণ বিরক্ত হয় এমন কর্মসূচি থেকে আমরা বিরত থাকব।’
ঢাকায় সমাবেশ না করার সিদ্ধান্তের কথা এর আগেও দুবার দুই অনুষ্ঠানে বলেছেন ওবায়দুল কাদের।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেছেন, ‘বেপরোয়া চালকের মতো বিএনপি এখন বেপরোয়া। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, আমি জানি না, বিএনপি আবার কখন কোন দুর্ঘটনা রাজনীতিতে ঘটিয়ে বসে।’
নতুন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের লোক—বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ছাড়া আর কেউ কি এটা মনে করেছে? আসলে বিএনপি কখন কী বলে তা নিজেরাও জানে না।
দুই বছরের মধ্যে সহনীয় যানজট
গতকাল বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সড়ক নিরাপত্তাবিষয়ক এক মালিক-শ্রমিক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আগামী দুই বছরের মধ্যে ঢাকার যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে। এই সময় পর্যন্ত রাস্তায় যানজট আছে, সেটা মাথায় রেখেই ঘর থেকে বের হওয়ার পরামর্শ দেন তিনি।
সমাবেশে মন্ত্রী ঢাকা-ফেনী পথে ‘এনা পরিবহনের’ নতুন বাস-সেবার উদ্বোধন করেন। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি দুই ধরনের বাসই চালুর কথা জানানো হয় এনা পরিবহন কোম্পানির পক্ষ থেকে।
সড়কমন্ত্রী বলেন, ২০১৮ সালে ঢাকায় মেট্রোরেল হচ্ছে, উড়ালসড়কও হয়ে যাবে। অবৈধভাবে চলাচলকারী কিছু যান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
পরিবহনের শৃঙ্খলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আল্লাহর নামে চলিলাম লিখে রাখলেই হবে না। ড্রাইভারদের সাবধান না হলে হয় গাড়ি আইল্যান্ড দিয়ে যাবে, নয়তো মানুষের ওপর দিয়ে উঠে যাবে। যে নিজেকে সাহায্য করে না, আল্লাহও তাকে সাহায্য করে না।’
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও এনা পরিবহনের চেয়ারম্যান খোন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে সমাবেশে পরিবহন রাজনৈতিক ও পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।