রাজধানীতে বিশেষ ক্ষমতা আইনে তিন দিনে পাঁচ মামলা, আসামি বিএনপির নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত তিন দিনে বিএনপির নেতা-কর্মীদের নামে বিশেষ ক্ষমতা আইনে পাঁচটি মামলা হয়েছে। পাঁচ থানায় হওয়া এসব মামলায় ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশের করা এসব মামলায় অজ্ঞাত লোকজনকেও আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ আসামিদের কাছ থেকে ৬২টি পেট্রলবোমা ও ককটেল উদ্ধার দেখিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে আসামিপক্ষ আদালতের কাছে দাবি করেছে, হয়রানি করার জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

থানা ও আদালত সূত্র বলছে, রাজধানীর যাত্রাবাড়ী, দারুস সালাম, কাফরুল, মোহাম্মদপুর ও শাহ আলী থানায় এসব মামলা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার মামলায় ৫ জন, মোহাম্মদপুর থানার মামলায় ৫ জন, দারুস সালাম থানার মামলায় ৪ জন, কাফরুল থানার মামলায় ২ জন ও শাহ আলী থানার মামলায় বিএনপির ১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলছেন, নাশকতাসহ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা
যাত্রাবাড়ী থানায় গত শনিবার করা মামলায় মাতুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিকুসহ বিএনপির ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করা হয়।
এই মামলার এজাহারে বলা হয়, যাত্রাবাড়ীর কোনাপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের রাস্তায় বিএনপির উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় যানচলাচলে বাধা দেন। সরকারবিরোধী স্লোগান দিয়ে জনগণের মাঝে ভীতির সঞ্চার করেন। নাশকতা সৃষ্টিসহ অন্তর্ঘাতমূলক অপরাধ করার চেষ্টা করেন। এ মামলায় পুলিশ ১১টি বাঁশের লাঠি জব্দ করেছে।
এই মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন জাকির হোসেন জিকু (৪৯), দনিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলী হোসেন (৪৪), মাতুয়াইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ধলপুরের ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ জুয়েল (৪০), ছাত্রদলের কর্মী সুজন মিয়া (২৫)।

দারুস সালাম থানা
দারুস সালাম থানা বিএনপির সহসভাপতি এস এ সিদ্দিক সাজুসহ বিএনপির ৩৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে গত শনিবার বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এতে দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আকাশ আহম্মেদ বাবু (৩০), যুবদলের সক্রিয় কর্মী ফারুক (৩৩), ছাত্রদলের সদস্য রুবেল (২৮) এবং বিএনপি কর্মী রুহুল আমিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে পুলিশ এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে। পুলিশ এ মামলায় ২২টি পেট্রলবোমা উদ্ধার দেখিয়েছে।

কাফরুল থানা
কাফরুল থানার মামলায় আনোয়ারুল করিমসহ (৪৮) ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গত শুক্রবার মামলা করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশ ৩২টি পেট্রলবোমা উদ্ধার দেখিয়েছে। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তাঁরা হলেন আনোয়ারুল করিম ও সেলিম খলিফা (৫২)। এই দুজনকে পুলিশ এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
গ্রেপ্তার দুজনের আইনজীবী আবদুল হাই প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর মক্কেলরা বিএনপির কর্মী। সাজানো মামলায় তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহ আলী থানা
বিশেষ ক্ষমতা আইনের মামলায় শাহ আলী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী শিকদারসহ বিএনপির ২৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রোববার মামলা করেছে পুলিশ। এ মামলায় পুলিশ আহম্মদ আলীকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে আটটি ককটেল উদ্ধার দেখানো হয়েছে। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানা
এদিকে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেপ্তার পাঁচজন পাঁচজন হলেন মামুন, রিমন, সজীব, সোহেল ও রবিন। গতকাল রোববার পুলিশ তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত তাঁদের প্রত্যেককে এক দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। মোহাম্মদপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির নেতা-কর্মীরা থাকতে পারেন।