রাজধানীতে বৃষ্টি, কমবে তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিকেল চারটার দিকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
আজ বিকেল চারটার দিকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

রাজধানীর আকাশ মেঘলা ছিল সকাল থেকেই। সঙ্গে ছিল কনকনে হাওয়া। বিকেল থেকেই বৃষ্টি। আর এর ফলে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ বুধবার বিকেল চারটার দিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। এর ফলে আচমকাই যেন থমকে যায় রাজধানীর চিত্র। হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষই প্রস্তুত ছিল না। তাই পথচারীদের অনেকে দৌড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে ভিজতে হয়েছে বাধ্য হয়ে। যারা রিকশায় ছিল তারাও পর্দা না থাকায় ভিজেছে। আর যাদের সঙ্গে ছাতা ছিল, তারা রক্ষা পেয়েছে। সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, যে বৃষ্টি হয়েছে তা পশ্চিমা লঘুচাপ ও পুবালি বাতাসের সংমিশ্রণের কারণে হয়েছে। এই বৃষ্টির পর তাপমাত্রা কমে যাবে ও শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে আজ কতটুকু বৃষ্টি হয়েছে, তার সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে দিতে পারেনি অধিদপ্তর।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ আর সর্বনিম্ন ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে গোলাম রাব্বানী জানিয়েছেন, হঠাৎ বৃষ্টির মুখোমুখি হতে হলো। কোনো প্রস্তুতি না থাকার কারণে ভিজতে হয়েছে। তবে এ বৃষ্টিতে ধুলোবালি কমে যাবে বলে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি বেশিমাত্রায় হবে না। আগামীকালের মধ্যেই আকাশ পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ বিকেলে হঠাৎ​ করেই বৃষ্টি নামে রাজধানীতে। সঙ্গে ঠান্ডা বাতাস। দুইয়ে মিলে জেঁকে বসেছে শীত। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
আজ বিকেলে হঠাৎ​ করেই বৃষ্টি নামে রাজধানীতে। সঙ্গে ঠান্ডা বাতাস। দুইয়ে মিলে জেঁকে বসেছে শীত। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন