রাজধানীতে হরতালের প্রভাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে আজ রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ছবিটি সকালে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
হরতালে আজ রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ছবিটি সকালে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর জনজীবনে তেমন প্রভাব পড়েনি। দোকানপাট যেমন খুলেছে, তেমনি রাস্তায়ও যান চলাচল স্বাভাবিক। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের অভিযোগ তুলে হরতালের ডাক দেয় জামায়াতে ইসলাম।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লা ঘুরে দেখা যায়, দোকানপাট অন্যান্য দিনের মতোই খোলা। সড়কে যান চলাচলও স্বাভাবিক। পাশাপাশি অনেককে ব্যক্তিগত গাড়ি নিয়েও চলাচল করতে দেখা গেছে।
আজ সোমবার বেলা একটার দিকে পান্থপথ ও ফার্মগেট এলাকায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন গন্তব্যের বাস চলছে। এ ছাড়া এসব এলাকায় বেশির ভাগ দোকানপাট খোলা রয়েছে। মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকা থেকে ফার্মগেট এলাকায় এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে জাহিদুল। তিনি জানান, রাস্তায় স্বাভাবিক ভাবে বাস চলতে দেখেছেন তিনি। দোকানপাট খোলা পেয়েছেন।
গুলশান-বনানী এলাকা ঘুরে দেখা গেছে, সেখানেও অন্যদিনের মতোই বাস চলাচল করছে। এ ছাড়া দোকানপাটও খোলা রয়েছে। মিরপুর ১ নম্বর এলাকার বাসিন্দা শোয়েব তারিক জানান, তিনি সকালে বাসা থেকে বেরিয়ে বনানী এলাকায় গেছেন বাসে চড়ে। রাস্তায় কোথাও হরতালের সমর্থনে কোনো মিছিল বা বাধা দেওয়ার দৃশ্য দেখেননি। তিনি বলেন, রাস্তায় হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি। রাস্তার দুই পাশে গাড়ির চাপ ছিল অনেক বেশি। মনেই হয়নি আজ হরতাল।
রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, হরতালের সমর্থনে এখন পর্যন্ত কোথাও কোনো মিছিল বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে স্বাভাবিকভাবে সব ধরনের ক্লাস ও পরীক্ষা চলছে।