রাজধানীর বাইরে ১৪ জেলায় ছাত্রদলের হরতাল আজ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে আজ সোমবার ঢাকাসহ (সিটি করপোরেশন বাদে) আশপাশের ১৪ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংশ্লিষ্ট জেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা জেলা বিএনপি ঢাকার পাঁচ উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
এদিকে গতকাল সিরাজগঞ্জ, লালমনিরহাট ও পিরোজপুরে বিএনপির ডাকা হরতালে আটটি যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। লালমনিরহাট ও সিরাজগঞ্জে আটক করা হয়েছে ৩৩ জনকে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ জেলায় হরতালের ঘোষণা দিয়ে জানান, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা এ হরতালের বাইরে থাকবে। ঢাকা ছাড়া নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হরতাল পালন করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ আমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার পাঁচ উপজেলায় আজ হরতালের ডাক দেওয়া হয়। উপজেলাগুলো হলো দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই।
এদিকে মানিকগঞ্জে ও মুন্সিগঞ্জে জেলা বিএনপিও আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গাজীপুরে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
হরতালে ভাঙচুর ও আগুন: সিরাজগঞ্জ জেলা বিএনপির ডাকে গতকাল সকাল-সন্ধ্যা হরতালে পাঁচটি যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা শহরে রিকশা-অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলতে দেখা যায়নি। দোকানপাট বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিল।
সকাল থেকে হরতালের সমর্থনে সিরাজগঞ্জ শহরে কোনো পিকেটারকে দেখা না গেলেও জেলার বেলকুচি উপজেলার কান্দাপাড়া, সুবর্ণসারাসহ কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, হরতালে নাশকতার চেষ্টার সময় বিএনপি-জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
লালমনিরহাটে জেলা বিএনপির ডাকা গতকালের হরতালে একটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে। শনিবার রাতে থানায় ছয়জনসহ জেলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিমুলতলায় গতকাল বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জমায়েত হয়ে সমাবেশের আয়োজন করলে পুলিশ ও জেলা প্রশাসন তাদের সরিয়ে দেয়। পরে বড়বাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সমাবেশ করেন তাঁরা।
পিরোজপুরে স্থানীয় বিএনপির ডাকা আধা বেলা হরতাল গতকাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকালে হরতালের সমর্থনে শহরে মিছিল হয়েছে। তবে গত শনিবার দিবাগত রাতে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের দেবীপুর মাদ্রাসার সামনে দুটি বাস ভাঙচুর করেছেন হরতালের সমর্থকেরা। শনিবার সন্ধ্যায় পিরোজপুর শহরের বাইপাস সড়ক এলাকায় সাঈদী ফাউন্ডেশনের মাদ্রাসার পেছনের বাগান থেকে আটটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নোয়াখালী অফিস; সিরাজগঞ্জ প্রতিনিধি, লালমনিরহাট প্রতিনিধি, গাজীপুর প্রতিনিধি, মানিকগঞ্জ প্রতিনিধি ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি}