‘বাংলাদেশের রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনয়নে জন তহবিলের বিধান প্রবর্তন’ শীর্ষক এক মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, রাজনীতি এখন মুনাফা অর্জনের বড় হাতিয়ার। এ জন্য ব্যবসায়ীরা রাজনীতির দিকে ঝুঁকছেন। প্রকৃত রাজনীতিবিদেরা সুযোগ পাচ্ছেন না। তাঁদের মতে, রাজনৈতিক দল গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলেও সেখানে গণতন্ত্রের অভাব সবচেয়ে বেশি।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ নামের একটি বেসরকারি সংস্থা।
এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনীতিবিদ, ব্যবসা ও মুনাফা একাকার হয়ে গেছে। বর্তমান সংসদে ৬৯ শতাংশ ব্যবসায়ী-রাজনীতিক রয়েছেন। তিনি রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্ব বিকাশ, আদর্শিক প্রচার ও মনোনয়নের ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চার আহ্বান জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন, প্রকৃত রাজনীতিবিদ অর্থবৈভবের কাছে বাদ পড়ে যাচ্ছেন। এখন অর্থ যাঁর, মনোনয়ন তাঁর। রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাবে ব্যাপক অস্বচ্ছতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব কেবল দেওয়ার জন্য দেয়। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। এটা দেওয়া না দেওয়া সমান কথা। তিনি বলেন, ‘অনেক সময় ব্যবসায়ীরা কালোটাকা থেকে রাজনৈতিক দলগুলোকে অনুদান দেয়। এ জন্য এসব অনুদানের কথা প্রকাশ করা উচিত।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন, ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বলা হয়েছে, একজন সংসদ সদস্য পদপ্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ লাখ টাকা। এটা এখন বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি বলেন, বাংলাদেশে যদি অনুদানভিত্তিক রাজনীতি না করি, তাহলে অনেক মানুষই রাজনীতি করতে পারবে না। রাজনীতি চলে যাবে বিত্তবানদের হাতে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাজনীতিবিদদের ব্যবসা থাকা অপরাধ, এ ধরনের চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ আওয়ামী লীগে মনোনয়ন-বাণিজ্যের কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আবদুল আলীম। আরও বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, সুজনের দিলীপ কুমার সরকার, ম্যাস লাইন মিডিয়া সেন্টারের শাহজাদী বেগম, গণতন্ত্রী পার্টির খায়রুল আলম প্রমুখ।