রাজনীতি লাভজনক ব্যবসা, মানুষকে আকর্ষণ করে না: জি এম কাদের
রাজনীতি এখন লাভজনক ব্যবসার অপর নাম। তাই রাজনীতি আর মানুষকে আগের মতো আকর্ষণ করে না। রাজনীতিতে সেবার ঐতিহ্য ফিরিয়ে এনে তাকে আবার মানুষের কাছে নিতে হবে। কারণ, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়।
আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা জাতীয় পাটির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপার কো-চেয়ারম্যান সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এসব কথা বলেন।
জেলা জাপার সভাপতি ও লালমনিরহাট সদর আসনের সাবেক সাংসদ জি এম কাদের বলেন, রাজনীতির আদর্শ স্বচ্ছ ও পরিষ্কার তথা জনকল্যাণমুখী না হলে মানুষ সেই রাজনীতির কাছে যাবে না। এমন রাজনৈতিক দলকে মাঠ দখল রাখতে ভাড়াটে নেতা-কর্মী ও সমর্থক দিয়ে কাজ চালাতে হবে। ভাড়াটে সৈন্য দিয়ে যেমন যুদ্ধজয় হয় না, তেমনি ভাড়াটে নেতা-কর্মী ও সমর্থক দিয়ে দীর্ঘদিন সফলতা ধরে রাখা যায় না।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টির জনসমর্থন থাকলেও সাংগঠনিক দুর্বলতায় অনেক সময় তার প্রতিফলন দেখা যায় না। তারপরও বর্তমান সময়ের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ফ্যাক্টর, অনেকেই জাতীয় পার্টির সমালোচনা করেন, এর অনেক শত্রুও আছে। রাজনীতিতে শত্রু থাকা শক্তির প্রমাণ। দুর্বল দলের কেউ সমালোচনা করে না, তাকে কাছে ডাকতেও চায় না। জাতীয় পার্টিকে সবাই কাছে চায়।
জি এম কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ ঘরে-বাইরে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনের জন্য নেতা-কর্মী ও সমর্থকদের সর্বাত্মক প্রস্তুতি নিতে বলেছে। এ অবস্থায় জাতীয় পার্টিও বসে থাকতে পারে না। আমাদেরও অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হচ্ছে। আগামী নির্বাচন জোটভিত্তিক হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এককভাবে এখন আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। তাই অবস্থা বুঝে জাতীয় পার্টিকে জোটে যেতে হবে। আওয়ামী লীগ আর বিএনপি দুই পক্ষই নির্বাচনে জিততে চাইবে, হাড্ডাহাড্ডি লড়াইও হবে। আর এ নির্বাচনে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক সেলিম মির্জা, বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সহসভাপতি এম জি মোস্তফা।