রাজনীতি থেকে সরাতে খালেদার জীবন নিয়ে খেলা হচ্ছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দুরভিসন্ধিমূলক এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে সরকার। লোকমুখে যে কথা প্রচারিত, তা-ই সত্য হচ্ছে—রাজনীতি থেকে খালেদা জিয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যই তাঁর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে চরম অবনতির দিকে ঠেলে দিতেই স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর সরকার এক নোংরা খেলায় মেতে উঠেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে ‘তিলে তিলে নিঃশেষ’ করে দেওয়াই যে সরকারের উদ্দেশ্য, তা আবারও সুস্পষ্ট হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে অনুরোধ করব, নিজেরা আয়নায় ভালো করে নিজেদের চেহারাটা দেখুন।’ এ সময় তিনি বিএনপিকে সভা-সমাবেশ করতে না দেওয়া, নেতা-কর্মীদের গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার উদাহরণ দেন।
গতকাল সোমবার বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকত, তাহলে বিএনপির নেতারা প্রকাশ্যে অগণতান্ত্রিক-অশ্রাব্য ভাষায় শেখ হাসিনা ও তাঁর সরকারকে গালিগালাজ করতে পারত না। বিএনপির এসব মিথ্যাচারের পরও বিএনপির নয়াপল্টন অফিসে সংবাদ সম্মেলন বন্ধ হয়নি, পুলিশ হস্তক্ষেপ করেনি। তাঁর এই মন্তব্যের জবাবে রিজভী এ মন্তব্য করেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে রিজভী বলেন, রাজশাহীতে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের ‘সন্ত্রাসী’ তাণ্ডব চরম আকার ধারণ করেছে। আজ নগরীর সাগরপাড়ায় জেলা ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি উদ্বোধন করতে যান বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় আওয়ামী লীগের ‘দুষ্কৃতকারীরা’ ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির কর্মী স্বপন কর্মকার, বাংলাভিশনের ব্যুরো প্রধান পরিতোষ চৌধুরী আদিত্যসহ কয়েকজন আহত হয়েছেন। রাজশাহীতে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারে ককটেল হামলা নির্বাচনী ‘নতুন মডেল’-এর আরেকটি প্রাথমিক পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।