রাজনীতি পুরোপুরি ব্যবসায়ীদের হাতে: পঙ্কজ ভট্টাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি পুরোপুরি ব্যবসায়ীদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, ব্যবসায়ীরাও রাজনীতিতে তাঁদের ব্যবসা বানিয়ে সম্পদের পাহাড় গড়ার বাসনায় মেতে উঠেছেন। সাধারণ মানুষ রাজনীতির নামে এই হিংস্র থাবা থেকে মুক্তি চায়।

আজ শনিবার বিকেলে সিলেটে ঐক্য ন্যাপের উদ্যোগে ‘দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রগতিশীল রাজনৈতিক শক্তির করণীয়’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আদর্শের রাজনৈতিক জাগরণ প্রয়োজন উল্লেখ করে পঙ্কজ ভট্টাচার্য বলেন, মহান ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ জাগিয়ে তুলেছিল এ দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তি। ভাষার সংস্কৃতি ও রুটি-রুজির অধিকার আদায়ের লক্ষ্যে দেশবান্ধব এই শক্তিই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অবিচল সংগ্রামে। জাতির সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ’৭২-এর সংবিধান প্রণয়নের মাধ্যমে। তিনি আরও বলেন, ১৯৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনে পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। শুরু হয় দুর্বৃত্তায়নের রাজনীতি। দেশ চলছে পুরো বিপরীত আদর্শে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। ধ্বংস হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার।
সিলেট নগরের দরগা গেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সুধী সমাবেশে ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম সবুর, মুক্তিযোদ্ধা আবদুল মোনায়েম নেছারু বিশেষ অতিথির বক্তব্য দেন। ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সুবল পালের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপ সিলেট শাখার সহসভাপতি সুকেশ চন্দ্র দেব, অমর চাদঁ দাশ, প্রদ্যোত রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য ন্যাপ সিলেটের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায়।