হরতালকে দাবি আদায়ের কার্যকর অস্ত্র হিসেবে দেখছেন না সাধারণ মানুষ। তাঁদের মতে, এই কর্মসূচি জনগণের দুর্ভোগ বাড়ায়, দেশের অর্থনীতি ও শিক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে। রাজনীতিবিদেরা হরতাল ডেকে ঘরে বসে থাকেন, এটি তাঁদের আয়েশি কর্মসূচিতে পরিণত হয়েছে। বিকল্প কর্মসূচি ভাবার কথাও বলেন তাঁরা।
হরতালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি ভেঙে পড়ে, প্রস্তুতি নষ্ট হয়। ঠিকমতো ক্লাসও করতে পারে না। দূরপাল্লার গাড়ি চলাচল না করায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। জরুরি কাজ থাকলে অনেকেই ঢাকা বা অন্য বড় শহরগুলোতে যেতে-আসতে পারেন না। আবার অনেকেই ঢাকা বা অন্য কোনো শহরে গিয়ে আটকা পড়েন। ফলে থাকা-খাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
আর অর্থনীতির ক্ষতিটা হয় ব্যাপক। ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া ব্যাহত হয়। পণ্য সরবরাহ বিঘ্নিত হয়। দৈনিক ভিত্তিতে যাঁরা কাজ করেন, তাঁরা কাজ পান না। ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি একেবারেই কমে যায়। ব্যবসায়ীদের সংগঠনগুলোর হিসাবে এক দিনের হরতালে দেড় থেকে দুই হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে দেশের অর্থনীতি।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের প্রতিবাদে গত ৩০ অক্টোবর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন হরতাল ডেকেছিল জামায়াতে ইসলামী। এর আগে গত ২২ সেপ্টেম্বর বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতাল দিয়েছিল। কিন্তু এর একটি হরতালও দাবি আদায়ে কোনো ভূমিকা রাখতে পারেনি। এমনকি যারা হরতাল ডেকেছিল, তাদেরও রাজপথে বা কর্মসূচি সফল করতে কোনো ভূমিকা দেখা যায়নি।
শায়লা শারমিন থাকেন ফার্মগেটের কাছে, ইন্দিরা রোডে। চাকরি করেন গুলশান ২-এ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। হরতালে সড়কে যান চলাচল কম থাকায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাঁকে। তিনি প্রথম আলোকে বলেন, সকালে ও অফিস ছুটির পর যানবাহনের জন্য তাঁকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় অটোরিকশা পাওয়া যায় না। মেয়ে বলে নয়, ছেলেদেরও বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
গাবতলীতে কথা হচ্ছিল মোর্শেদ হকের সঙ্গে। তিনি থাকেন চুয়াডাঙ্গায়। তাঁর স্কুলের কাজে ঢাকায় এসেছিলেন গত মঙ্গলবার। বুধবার কাজ হয়ে গেলেও তিনি বাড়ি যেতে পারেননি। গতকাল গাবতলীতে এসেছিলেন বাসের জন্য। কিন্তু দূরপাল্লার বাস বন্ধ থাকায় তিনি প্রথমে দৌলতদিয়া ঘাটে যাবেন, সেখান থেকে অন্য বাসে ভেঙে ভেঙে চুয়াডাঙ্গায় যাবেন। মোর্শেদ বললেন, হরতাল দিয়ে তো একটি রায়ও ঠেকানো যায়নি। ৫ জানুয়ারির নির্বাচনও ঠেকানো যায়নি। তাঁর মতে হরতালে শুধু সাধারণ মানুষের ক্ষতি হয়। অন্য কোনো কাজ হয় না।
একই কথা বললেন শ্যামলীর মুদি দোকানদার সর্দার ফতেহ। তিনি বলেন, ‘যারা হরতাল ডাকে, তাদের কারও চেহারাডা দেখলাম না। অথচ আমরা ঝামেলায় পড়লাম।’
মোহাম্মদপুর টাউন হল মার্কেটে কথা হচ্ছিল মো. ইলিয়াসের সঙ্গে। দৈনিক ভিত্তিতে শ্রমিকের কাজ করেন তিনি। পাঁচ দিনের হরতালে দুই দিন কাজই পাননি। আর এক দিন বাড়ি পাল্টানোর একটি কাজ পেয়েছিলেন।
হরতালের কারণে এবার সবচেয়ে বেশি বিপাকে পড়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীরা। এ মাসের ২৩ তারিখ থেকে আবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এ ছাড়া বছরের শেষ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা হওয়ার কথা। ২ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও তা হয়নি, আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। বিয়াম স্কুলের ছাত্রী সিনথিয়া নওরিনের মা আয়শা জাহান বললেন, পরীক্ষা পেছানোর কারণে তাঁর মেয়ের পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়েছে।
ব্যবসায় ক্ষতি দেড় থেকে দুই হাজার কোটি টাকা: ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে, এক দিনের হরতালে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয় দেড় থেকে দুই হাজার কোটি টাকার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের হিসাবে, এক দিনের হরতালে দেশে দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) হিসাবে, এই ক্ষতি এক হাজার ৬০০ কোটি টাকা। তাদের মতে, এক দিনে পোশাক খাতে ৩৬০ কোটি, সরকারি রাজস্ব আদায়ে ক্ষতি ২৫০ কোটি, ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাটের ক্ষতি ৬০০ কোটি, পরিবহন ও যোগাযোগ খাতে ৬০ কোটি, শিক্ষায় ৫০ কোটি, আর্থিক প্রতিষ্ঠানে ৫০ কোটি, বিমা প্রতিষ্ঠানে ১৫ কোটি, পর্যটন খাতে ৫০ কোটি, উৎপাদন খাতে ১০০ কোটি এবং অন্যান্য খাতে ৬৫ কোটি টাকার ক্ষতি হয়।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) হিসাবে, এক দিনের হরতালে এক হাজার ৫৪০ কোটি টাকার (২০ কোটি ডলার) ক্ষতি হয়।
হরতালের আর্থিক ক্ষতি নিয়ে গবেষণা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, হরতালে বাংলাদেশের ১ শতাংশ পুঁজি নষ্ট হলে তাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় সাড়ে চার হাজার কোটি টাকা।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রথম আলোকে বলেন, এখন যে কারণে হরতাল হচ্ছে, সেটা হওয়ার তো কোনো কারণই নেই। বিচারিক বিষয়ে কি হরতাল হতে পারে? ভবিষ্যতে মানুষ হরতালে কোনো সাড়াই দেবে না। এখনই সময় বিকল্প কর্মসূচি ভাবার। ক্ষয়ক্ষতি প্রসঙ্গে কাজী আকরাম বলেন, এবারের হরতালে কিন্তু কোনো কারখানা বন্ধ নেই। তবে কৃষিজাতপণ্যের বিপণন, পোলট্রি খাত এবং পরিবহন খাত বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, হরতালে শ্রমিকদের উপস্থিতি ২০ থেকে ২৫ শতাংশ কমে যায়। সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বন্দর থেকে কাঁচামাল আনা যায় না। প্রিন্টিং বা ওয়াশিংয়ের জন্য পণ্য অন্য কারখানায় পাঠানো যায় না। সব মিলিয়ে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে।
রাজনীতিবিদেরা যা বলেন: সরকারে আছে এবং সরকারে নেই এমন রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া যায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মনে করেন, হরতাল এখন একটি ভোঁতা অস্ত্র। এ দিয়ে দাবি আদায় সম্ভব নয়। দাবি আদায় করতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, তাঁরা বরাবরই হরতালের বিপক্ষে। জাতীয় পার্টি মনে করে, দেশের ক্ষতি করে কোনো সুফল পাওয়া যায় না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনে করেন, হরতাল আন্দোলনের গণতান্ত্রিক ভাষা। জনস্বার্থে দাবি আদায়ের জন্য এ ধরনের কর্মসূচি থাকাটা স্বাভাবিক। কেননা, যারা হরতাল ডাকছে, তারা তো জোর করে কাউকে দিয়ে হরতাল পালনে বাধ্য করছে না।