রাজনীতিকদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রী মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়। রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়া এ ইফতারের আয়োজন করেন।
এ ইফতারে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কেউ আসেননি। তবে ২০–দলীয় জোটের বাইরে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।
২০–দলীয় জোটের এলডিপির সভাপতি অলি আহমদ, জাতীয় পার্টির একাংশের সভাপতি কাজী জাফর আহমদ, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানিসহ অন্য শরিক দলগুলোর শীর্ষ নেতারা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।