রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দলের রাজনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিকদের সম্মানে ওই ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আমন্ত্রণ জানানো হলেও দলটির কেউ ওই ইফতারে যাননি। বিএনপির নেতাদের বাইরে মূলত বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটভুক্ত দলগুলোর নেতারা ইফতারে যোগ দেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি প্রমুখ ইফতারে উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও ইফতারে অংশ নেন।