রাজনীতিতে আ.লীগের প্রতিপক্ষ নেই: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে দৃশ্যত আওয়ামী লীগের তেমন কোনো প্রতিপক্ষ নেই। যারা প্রতিপক্ষ হওয়ার কথা ছিল, তারা এখন নানা রকম ভয়-ব্যাধিতে আক্রান্ত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, তারা এখন নালিশের দলে পরিণত হয়েছে। নির্বাচন বর্জন করে আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতিতে আশ্রয় নিয়েছে। তারা সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে নানা রকম নালিশ করছে। তারা ঠিক করতে পারেনি, কোথায় তারা কাউন্সিল করবে। অথচ তারা অভিযোগ করছে, সরকার তাদের বাধা দিচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি ১৮৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থী দিতে পারেনি। আবার বলছে আওয়ামী লীগ বাধা দিচ্ছে। আওয়ামী লীগে যদি বাধা দিত, তাহলে ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই মেয়র হতে পারতেন না।
ঢাকার সাংসদ ও দুই সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে এই মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও বি এম মোজাম্মেল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।