রাজনীতিতে উভয় পক্ষ কিছুটা নমনীয়
কূটনীতিকদের যৌথ উদ্যোগের ফলে সরকার ও বিরোধী পক্ষের অনড় অবস্থানে দৃশ্যত কিছুটা পরিবর্তন হয়েছে। গত কয়েক দিনের রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং দুই পক্ষের মনোভাব থেকে এমন ধারণা পাওয়া যাচ্ছে। উভয় পক্ষ কিছুটা নমনীয় হয়েছে বলে দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে।
বিরোধী পক্ষের অব্যাহত সহিংসতা এবং সরকারের কঠোর থেকে কঠোরতর হওয়ার প্রবণতায় এখন কিছুটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অব্যাহত চাপের মুখে রেখেও শেষ পর্যন্ত খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার বিষয়ে নানা প্রশ্ন থাকলেও রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ নাগরিকদের মধ্যে গত কয়েক দিনের উদ্বেগ কিছুটা কমেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় কূটনীতিকদের খালেদা জিয়ার বাসায় গিয়ে বৈঠক করে সহিংসতা বন্ধের পরামর্শ এবং সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে তাঁদের আরও আলোচনার আশ্বাস রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
সরকারদলীয় নেতা ও মন্ত্রীদের বক্তব্যে বিরোধী পক্ষকে আক্রমণ করাও কমেছে গত কয়েক দিনে। সরকারি দল আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের মাঠ দখলে রাখতে বিভিন্ন কর্মসূচিও আগের মতো জোরদার নেই। নাশকতা ও নিষ্ঠুরতা বন্ধ না হলেও তা আগের তুলনায় কমেছে।
পরিস্থিতি বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন, দুই পক্ষের মুখোমুখি অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে। পর্দার আড়ালে কিছু আলাপ-আলোচনা শুরুর ইঙ্গিতও মিলছে। প্রবীণ আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে বলেন, রাজনীতিতে এবং আদালতে কিছুটা নরম সুর লক্ষ করা যাচ্ছে। এটা খুবই ইতিবাচক।
খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা আট দিনেও আদালত থেকে থানায় না যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে রফিক-উল হক বলেন, ‘আমার-তোমার জন্য গ্রেপ্তারি পরোয়ানা হলে বুঝতে, কত দ্রুত তা থানায় পৌঁছায় বা তামিল হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের ইশারা ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এমনটি হওয়ার কথা নয়।
সরকারের একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা নিয়ে সরকারের মনোভাবে কিছুটা পরিবর্তন এসেছে। কূটনীতিকসহ বিভিন্ন মহল থেকে বিরোধী দলকে স্পেস বা সুযোগ দেওয়ার যে পরামর্শ দেওয়া হচ্ছে, সরকার তা গ্রহণ করেছে।
দৃষ্টান্ত হিসেবে ওই সব সূত্র আরও বলেছে, এর আগে ২৪ ফেব্রুয়ারি শুনানির পর ৪ মার্চ পর্যন্ত আট দিন সময় দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু সেই পরোয়ানা তামিল না হওয়ার পরও ৪ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এক মাস সময় দিয়ে আদালত পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করলেও দুদকের আইনজীবী তাতে আপত্তি করেননি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দুই পক্ষ অনড় থাকায় দুই মাস ধরে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং জীবনযাত্রায় যে ধস নেমেছে, তা থেকে রক্ষা পাওয়া খুবই জরুরি। তাঁর মতে, গত কয়েক দিনে মেঘের আড়ালে একটু আলো দেখা যাচ্ছে। তবে তার মানে যে সবকিছু ঠিক হয়ে গেছে বা হয়ে যাবে, এমনটি নয়।
সরকারের নির্ভরযোগ্য সূত্র জানায়, কূটনীতিকদের যৌথ উদ্যোগ সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। গত ২৭ ফেব্রুয়ারি কূটনৈতিক চ্যানেলে তাঁদের চিঠি পাওয়ার পর ১ মার্চ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি কূটনীতিকদের এ কথাও বলা হয়েছে যে, এ ধরনের বৈঠক ও আলাপ-আলোচনা আরও করতে সরকারের আগ্রহ আছে। কূটনীতিকদের চিঠিতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে তাঁদের আলাপ-আলোচনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
ওই চিঠিতে সরকারের প্রতি আরও আহ্বান জানানো হয়, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি অসৌজন্যমূলক বক্তব্য না দেওয়ার এবং রাজনৈতিক-প্রশাসনিক চাপ কিছুটা শিথিল করে হলেও কঠোর অবস্থান থেকে বিরোধীদের সরে আসার সুযোগ করে দেওয়ার। এর পরিপ্রেক্ষিতেই গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি ও গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ বিলম্বিত করা হয়েছে বলে অনেকে মনে করেন।
এ প্রসঙ্গে সরকারের একাধিক সূত্র বলছে, এটাকে আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলে কেউ অভিযোগ করতে পারেন। তবে আইন স্বাভাবিক গতিতে চললে তার রাজনৈতিক প্রতিক্রিয়া তো সরকারকেই মোকাবিলা করতে হয়।
জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার বিরোধী দলকে একটু স্পেস দিয়েছে। সবাই এমনটাই প্রত্যাশা করছিল সরকারের কাছে। তবে তার মানে এই নয় যে, এটা সরকারের দুর্বলতা।’
কূটনীতিকদের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ইকবাল সোবহান চৌধুরী বলেন, এত দিন সংলাপে বসতে সরকারের ওপর তাঁদের অনুরোধ ছিল। কিন্তু এখন তাঁরা বিরোধীদের আগে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করতে বলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস বন্ধ করলে অবশ্যই সরকারের ওপর আলোচনায় বসার তাগিদ আসবে।
সরকারি সূত্রের অভিমত, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালের কর্মসূচির সুযোগে জঙ্গি ও জামায়াত-শিবির সহিংসতা ঘটাচ্ছে। তারা যে কৌশলে এসব কর্মকাণ্ড চালাচ্ছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা কঠিন ও সময়সাপেক্ষ। তাই কূটনীতিকদের উদ্যোগের ফল হিসেবে যদি সহিংসতা বন্ধ হয় ভালো। যদি তা না হয়, সে ক্ষেত্রে সরকার কঠোরভাবে তার নিজের কৌশল অবলম্বন করবে। সে কৌশল হচ্ছে, একদিকে বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা, অন্যদিকে প্রশাসনিক ও আইনি চাপ জোরদার করা।
সরকারি সূত্রগুলোর অভিযোগ, কূটনীতিকদের উদ্যোগের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলেও বিএনপি-জামায়াতের তা নয়। তারা হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করে সহিংসতা অব্যাহত রাখার কৌশল নিয়েই অগ্রসর হচ্ছে বলে সরকার মনে করছে। বিএনপি-জামায়াতের এই অবস্থান পরিবর্তন না হলে সরকারও অবস্থান কঠোর করবে।
মাহবুবুর রহমান বলেন, কূটনীতিকেরা সংঘাত-সহিংসতা বন্ধ হলে সরকারকে আলোচনা শুরুর তাগিদ দেওয়ার যে কথা বলেছেন, তা ইতিবাচক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সহিংসতার দায় স্বীকার করে না। তবে যেহেতু অবরোধ-হরতাল চলাকালে এসব ঘটনা ঘটছে, সেহেতু আলোচনার আবহ তৈরি হলে এবং সরকারের ওপর আস্থা সৃষ্টি হলে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের চিন্তা করা যেতে পারে।