রাজনীতিতে সক্রিয় হচ্ছেন নিহত ফারুকের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সক্রিয় রাজনীতিতে নামছেন টাঙ্গাইলের প্রয়াত আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। স্বামীর হত্যাকারীদের বিচার দাবির আন্দোলনের পাশাপাশি দলের জেলা সম্মেলনকে সামনে রেখে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন।
নাহারের পরিবার ও জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার সামনে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তিন দিন পর নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। গত বছর ১৬ এপ্রিল টাঙ্গাইলে করোনেশন ড্রামাটিক ক্লাবের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রথম মুখ খোলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে তিনি ফারুক আহমেদের হত্যার বিচারের দাবি জানান। এরপর গত আগস্টে আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে ডিবি পুলিশ ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
আনিসুল ও মোহাম্মদ আলীর জবানবন্দিতে বের হয়ে আসে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান (রানা), তাঁর ভাই পৌর মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা)। তবে সে সময় খান পরিবারের তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো সাংসদ আমানুর রহমান ও তাঁর ভাইদের পক্ষে সাফাই দিয়ে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ঠিক সেই মুহূর্তে মাঠে নামেন নাহার আহমেদ। তাঁর নেতৃত্বেই ফারুক আহমেদের স্বজনদের ব্যানারে প্রথমে এই হত্যার বিচারের দাবিতে মিছিল বের করা হয়। সে মিছিল সমাবেশে বক্তব্য আসতে থাকে খান পরিবারের সন্তানদের বিরুদ্ধে। এর মধ্যে একপর্যায়ে খান পরিবারের সন্তানেরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক নাহার আহমেদের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়াতেই ফারুক আহমেদকে জীবন দিতে হয়েছে। আর এই হত্যার প্রতিবাদ করতে গিয়ে অনেক নেতা-কর্মীর জীবন এখন ঝুঁকিতে আছে। তাঁদের হয়েই নাহার আহমেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন। কারণ খুনের সঙ্গে যাঁদের জড়িত থাকার তথ্য এসেছে, তাঁদের বিরুদ্ধে একমাত্র নাহার আহমেদই কঠোর অবস্থান নিতে পারবেন। তাই তাঁকেই অনেকে প্রার্থী করতে আগ্রহী। এ ব্যাপারে নাহার আহমেদের সঙ্গে কথা বলতে বাসায় গেলে তিনি বলেন, ‘এখন থেকে তিনি প্রতিটি কর্মসূচিতেই অংশ নেবেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় ফারুক আহমেদকে খুন হতে হয়েছে। খুনিচক্র বা তাঁদের পৃষ্ঠপোষক কেউ-ই যাতে দলের মূল পদে দায়িত্বে আসতে না পারেন সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমি জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। তিনি আমাকে যে নির্দেশ দেবেন আমি তা-ই পালন করব।’