রাজনীতিতেও ফাউল করলে লাল কার্ড: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খেলাধুলার জগতে প্রতিযোগিতা আছে কিন্তু ফাউল করলে লাল কার্ড। রাজনীতির ক্ষেত্রেও নিয়মবহির্ভূতভাবে ক্ষমতা দখলের চেষ্টা করলে লাল কার্ড পেতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘ফুটবলের ক্ষেত্রে যেমন আমরা ফাউল করা খেলোয়াড় রাখি না, তেমনি রাজনীতিতেও ফাউল করলে তার জায়গা নেই। জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক রাখা, নাশকতা, মিথ্যাচার ও ইতিহাসবিকৃতি রাজনীতির ফাউল। খারাপ খেলোয়াড়ের বদলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সুশৃঙ্খল খেলোয়াড় চাই।’
আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বাফুফের লটারি ২০১৪ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী ফুটবলকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বলে উল্লেখ করেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
জাতীয় জীবনে ক্রীড়াঙ্গনকে খুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘অন্ধকার থেকে যে আলোর জগতে আমরা প্রবেশ করছি, সেখানে ক্রীড়াঙ্গনে সাফল্যের বিকল্প নেই। আমরা ক্রিকেটে অনেক দূর এগিয়েছি, ফুটবলেও আগামী পাঁচ বছরে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান অর্জন করার ক্ষেত্রে দৃঢ় আশাবাদী।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দক্ষিণ এশীয় সাফ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লটারি কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুশের্দী, লটারি পরিচালনাকারী জেকে ইন্টারন্যাশনালের কর্ণধার মো. আলম কবীর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।