রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টির ইফতার
রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে গতকাল রোববার ইফতারের আয়োজন করেছিল জাতীয় পার্টি। রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। তাই আমরা চাই জনগণ শান্তিতে থাকুক। আমরা চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেন মানুষের নাভিশ্বাস না ওঠে। ঈদের সময় মানুষ যেন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে।’
ইফতারে উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। তবে বিএনপির কোনো নেতাকে ইফতারে দেখা যায়নি।
জাতীয় পার্টির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের প্রমুখ। তবে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ইফতারে দেখা যায়নি।