ভারতের কলকাতার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রতীপ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসে সে অর্থে রাজনীতিবিদ নেই। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অরাজনৈতিক, পেশাজীবী ও চলচ্চিত্রের তারকাদের সমাবেশ ঘটিয়েছেন তাঁর দলে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র আয়োজিত ‘পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে তিনি শিক্ষক ও ছাত্রদের প্রশ্নেরও জবাব দেন।
অধ্যাপক শান্তনু কায়সারের সঞ্চালনায় এই সেমিনারে প্রতীপ চট্টোপাধ্যায় মত প্রকাশ করেন, পশ্চিমবঙ্গে সুশাসন দেওয়ার কথা বলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও দলটি তা দিতে ব্যর্থ হয়েছে। তবে সেখানে তৃণমূল নেত্রী মমতার বিকল্প নেতৃত্ব গড়ে না ওঠায় এবারের নির্বাচনেও জনগণ তাঁকে আরেকটি সুযোগ দিতে চাইছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, পশ্চিমবঙ্গে সবচেয়ে অনিরাপদ নারীরা। ধর্ষণ ও মাস্তানিকে সেখানে রাজনীতিকীকরণ করেছেন মমতা। তাঁকে নিয়ে মানুষের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা ছিল তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, মুসলিম ভোটাররা একটা সময় মমতা চমকে চমকিত হয়েছিলেন, কিন্তু এখন তাঁদের সেই মোহ ভেঙে গেছে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের একটা পার্থক্য হচ্ছে, সেখানে একটা গ্রহণযোগ্য নির্বাচনপদ্ধতি আছে, যা এখানে নেই। সেখানে কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক সাদেকা হালিম বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। পশ্চিমবঙ্গে এটা থাকলেও এখানে তা নেই।