বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্ররাজনীতিমুক্ত। সরাসরি রাজনীতি করার অনুমতি নেই এখানে। রাজনীতির অনুমতি না থাকলেও ছাত্রদল বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা দিয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ সদস্যর ওই কমিটি ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক প্রথম আলোকে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় শুরু থেকে ছাত্ররাজনীতিমুক্ত রাখা হয়েছে। কোনো সংগঠনকে ক্যাম্পাসে সরাসরি রাজনীতি করার অনুমতি দেওয়া হয়নি। ছাত্রদল কীভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাসে কমিটি দিয়েছে সেটা বুঝতে পারছি না। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় কমিটি দেওয়া ঠিক হয়নি।’ ২০১১ সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। অন্যান্য রাজনৈতিক দল এমনকি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনেরও কোনো কমিটি এ বিশ্ববিদ্যালয়ে নেই বলে উপাচার্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আল হাসিব বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এখন রাজনীতি করতে কোনো বাধা নেই। সে রকম কোনো বিষয় থাকলে কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে।
কথা হয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে ছাত্র সংগঠনগুলোর। এর পরিপ্রেক্ষিতে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী মনে করে সেটা দেখার বিষয় নয়।’
এদিকে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদলের প্রথম ঘোষিত কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নেতা। তাঁদের অভিযোগ ত্যাগী কর্মীদের বাদ দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কয়েকজন কমিটি থেকে পদত্যাগ করার হুঁশিয়ারিও দিয়েছেন।
কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতির পদ পাওয়া ফয়সাল খান দাবি করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তাঁর হাতে গড়া। তাঁকে সভাপতি পদ না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। ঘোষিত ওই কমিটি থেকে পদত্যাগের হুমকি দিয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগ করার কথা জানিয়েছি। এখন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের কাছে পদত্যাগপত্র জমা দেব।’
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাঁরা ছাত্রদলের কর্মকাণ্ড পরিচালনা করছেন তাঁদের নিয়েই কমিটি করা হয়েছে। তারপরও কিছু নেতা-কর্মী তাঁদের মূল্যায়ন না করার অভিযোগ তুলেছেন। খোঁজখবর নিয়েই ওই কমিটি করা হয়েছে। কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে।