রাজনীতির খলনায়িকা খালেদা জিয়া: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজনীতির খলনায়িকা হচ্ছেন বেগম খালেদা জিয়া। ৮০ দশকের বিএনপি নেত্রী সেই খালেদা আর এখনকার খালেদা জিয়া এক নন, পার্থক্য অনেক। বদলে গেছেন ৯১-এর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা এখন জঙ্গিবাদীদের নেতৃত্ব গ্রহণ করেছেন। তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই দেশে চলছে জঙ্গিবাদ আর উগ্রবাদ।’

আজ বৃহস্পতিবার রাতে কক্সবাজার সৈকতের একটি হোটেলে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে ইনু বলেন, ‘আপনি যখন ক্ষমতায়, তখন প্রশাসনের প্রত্যক্ষ মদদে সারা দেশে সশস্ত্র জঙ্গিবাদীদের জাল তৈরি হয়েছে। শেখ হাসিনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। বাংলা ভাইয়ের জন্ম আপনার আমলে। জজ মিয়া কাহিনি আপনার আমলে বানানো। তাই রাজনীতির জঙ্গিবাদী নেত্রী ও খলনায়িকা খালেদা জিয়া। আলোচনা মীমাংসার আগে খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।’
ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিলে জঙ্গিবাদী তৎপরতা বন্ধ হবে—এ কথা সঠিক নয়। এটি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। যারা বাংলাদেশের স্বাধীনতা গ্রহণ করতে পারেনি, যারা মুখে বাংলাদেশ আর অন্তরে পাকিস্তান জপে, সেই অপশক্তি বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের পথে নিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত। তারা একটি পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশকে একটি উগ্রবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার নীলনকশার অংশ হিসেবে সশস্ত্র জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে।

খালেদা জিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আপনি প্রমাণ দেন, আপনার কোন নেতা-কর্মী গুম হয়েছে? ক্রসফায়ারে কারা মারা গেছে? বিদেশে বসে দেশের বিরুদ্ধে আর মিথ্যাচার করবেন না।’

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তোফায়েল আহমদ, জাহেদ সরোয়ার সোহেল, সরওয়ার আজম মানিক, বিশ্বজিত সেন ও দীপক শর্মা প্রমুখ।

কাল শুক্রবার বিকেলে শহরের পাবলিক হল মাঠে জাসদের ত্রিবার্ষিক সম্মেলন ও দলীয় জনসভায় হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।