রাজনীতির নামে দেশে 'রাজচালাকি' হচ্ছে: ড. কামাল
দেশে এখন রাজনীতির নামে ‘রাজচালাকি’ হচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘এখন যেটা হচ্ছে সেটা অসুস্থ রাজনীতি, নীতিবিহীন রাজনীতি। যেমন হয়েছে ভোটারবিহীন নির্বাচন।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, নূর হোসেন যে জন্য জীবন দিয়েছিলেন, সে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। ভোটারবিহীন নির্বাচন দিয়ে দেশে সংবিধানের গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না।
‘পরিবারতন্ত্রের বেড়াজালে বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি। এতে বিশেষ অতিথির বক্তৃতায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা নিজে গণতন্ত্র মানেন না। কেন্দ্রীয় কমিটিকে উপেক্ষা করে তিনি নিজে সিদ্ধান্ত দেন। আবার খালেদা জিয়া গণতন্ত্রের বিরাট সৈনিক, কিন্তু ভ্যানিটি ব্যাগ থেকে ছাত্রদলের কমিটি বের করে দিলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেন বা খালেদা জিয়া বলেন, এঁরা রসুনের কোয়া কোয়া। গোড়া একটায়।’
আয়োজক সংগঠনের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া, গড়ব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক শাহেদা।