রাজনীতির নোংরা খেলা খেলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের নিয়ে ইস্যু তৈরি করে রাজনীতির নোংরা খেলা থেকে বিরত থাকতে বিএনপি ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সরকার কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করবে? যুদ্ধ কোনো সমাধান নয়।’ 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে গতকাল শুক্রবার বিকেলে শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের নির্মাণাধীন সেতু পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বারবার একেকটা ইস্যু নিয়ে আসে। সব ইস্যুই মাঠে মারা গেছে। সুপ্রিম কোর্টের ইস্যু নিয়েও আপনারা বাজিমাত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ রোহিঙ্গাদের এই মানবিক বিপর্যয়কে পুঁজি করে আপনারা রাজনীতির নোংরা খেলায় মেতেছেন।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের কূটনৈতিক আলোচনা চলছে। আমরা বারবার জাতিসংঘকে তাগিদ দিচ্ছি।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গাদের এই অবস্থাকে সামাল দিতে দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছি। সরকারের দোষ দিয়ে কোনো সমাধান হবে না। এটা একটা মানবিক বিপর্যয়; যা বাংলাদেশের জনজীবনকে প্রভাবিত করছে।’