রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

সরকার কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টি করলে, ভাঙচুর করলেই নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা এবং দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হচ্ছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা স্বাধীন দেশ। এখানে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত। এখানে রাজনীতির অঙ্গন সব সময় উন্মুক্ত। কিন্তু রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করলে, ভাঙচুর করলে, জনগণের বিপক্ষে দাঁড়ালে কিংবা মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা সভা করছে। মানববন্ধন করছে। রাজনৈতিকভাবে যেগুলো করণীয়, তারা করছে। এটা তাদের অধিকার। সেখানে আমাদের কিছু করার নেই। আমরা কিছু করিও না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ছাত্রলীগ পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। মির্জা ফখরুলের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো তাঁদের রাজনৈতিক কৌশল। অনেকে অনেকভাবে প্রচারণা করেন। প্রচারণার জন্যই তাঁরা এসব বলে থাকেন। এ সময় কোনো দলের কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদকের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু জনপ্রতিনিধিই নন, সব পেশার মানুষই মাদকের সঙ্গে জড়িত। আপনি (সাংবাদিক) বলেন, কে নাই জড়িত। আপনি আমার কাছে আসেন আমি তালিকা দিয়ে দেব। সব পেশার মানুষই মাদকের সঙ্গে জড়িত। কেউ সরবরাহ করছেন, কেউ খাচ্ছেন, অথচ শুধু জনপ্রতিনিধিদের দিকে আঙুল তোলা হচ্ছে। তবে এ বিষয়ে সবাই মিলে কাজ করতে হবে। জনপ্রতিনিধির কথা সবাই শোনে। সে জন্য তাঁদের কথা বারবার আসে। মাদক নির্মূলে সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে দমন করা সম্ভব নয়। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছে। দেশের সবাই যাতে মাদকের বিরুদ্ধে কথা বলে, এটা নিশ্চিত করতে হবে।’