বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সব সময়ই সক্রিয় আছেন। গতকাল সোমবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চিকিৎসার জন্য প্রায় দুই মাস আগে দেশের বাইরে গিয়েছিলেন মির্জা ফখরুল। গতকাল রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রাজনীতিতে কবে সক্রিয় হবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি রাজনৈতিক কর্মী হিসেবে সব সময়ই সক্রিয় আছি।’ তিনি আরও বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। এ আন্দোলন সফল হবেই।
বিমানবন্দরে ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রহণ করতে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপনসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
গ্রেপ্তার হয়ে ছয় মাস জেলে থাকার পর মুক্তি পেয়ে গত ২৭ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। এরপর গত ১০ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসা শেষে গত রোববার তিনি সিঙ্গাপুরে যান। গতকাল সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।