রাজনৈতিক গোলযোগে হত্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম চার মাসে দেশে রাজনৈতিক হানাহানিতে ৩৪ জন নিহত হয়েছেন। রাজনৈতিক গোলযোগ এ সময় আহত হয়েছেন ১ হাজার ৮০৪ জন। 

বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ মঙ্গলবার অধিকারের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতি মাসে সংগঠনটি মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে।
অধিকারের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে রাজনৈতিক গোলযোগ ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত হন। দলটির অভ্যন্তরীণ কোন্দলে আহত মানুষের সংখ্যা ৩২৭। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আহত মানুষের সংখ্যা ১২। গত মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ গোলযোগের ঘটনা ঘটেছে ২৬টি। আর বিএনপির মাত্র ১টি।

দেশে রাজনৈতিক হানাহানিতে হত্যার ঘটনা বাড়ছে। চলতি বছরের জানুয়ারিতে রাজনৈতিক কারণে হত্যার শিকার হন ৯ জন। ফেব্রুয়ারিতে ৫ আর মার্চে ৯ জন মারা যান। গত এপ্রিলে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ তে।

পত্রিকার প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে অধিকার।

গত চার মাসে ক্রসফায়ারে ৬৯ জন নিহত হয়েছেন বলে অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি বছরের চার মাসের মধ্যে এপ্রিলে সবচেয়ে বেশি মানুষ ক্রসফায়ারে নিহত হয়েছেন। প্রতিবেদনে দেখা যায়, এ বছরের জানুয়ারিতে ক্রসফায়ারে নিহত হন ১৮ জন। ফেব্রুয়ারি ও মার্চে এ সংখ্যা ছিল যথাক্রমে ৬ ও ১৭। আর এপ্রিলে নিহত হন ২৮ জন।

গত চার মাসে ১৪ জন গুমের শিকার হয়েছেন বলে অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারাগারে মৃত্যু হয়েছে ২৭ জনের।