রাজনৈতিক চরিত্র হারাচ্ছে বিএনপি : কামরুল
বিএনপি ক্ষমতায় যেতে গুপ্ত হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি ক্রমান্বয়ে রাজনৈতিক চরিত্র হারিয়ে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দলে পরিণত হচ্ছে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত একটি পত্রিকার বর্ষপূর্তির অনুষ্ঠানে কামরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, ক্ষমতায় আসার জন্য পুরোহিত ও যাজকদের ওপর হামলা চালানো হচ্ছে। হঠাৎ করে তারা এত উদ্গ্রীব কেন, এর পেছনেও রহস্য আছে। কারণ, খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিষ্পত্তির শেষ প্রান্তে। এই মামলার পরিণতি কী হতে পারে তিনি বুঝতে পারেন। বিএনপি দ্রুত রাজনৈতিক চরিত্র হারিয়ে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দলে পরিণত হচ্ছে। তাদের প্রতিহত ও পর্যুদস্ত করতে হবে।
কামরুল বলেন, ‘বর্তমানে রাজনীতিতে দুঃসময় চলছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করতে দেশকে জঙ্গিবাদের তকমা লাগানো হচ্ছে। টার্গেট হত্যাকাণ্ড চলছে। আমি বলতে চাই, অতীতে বঙ্গবন্ধুর দুঃসময়ে যেমন নেতা-কর্মীরা তাঁর পাশে ছিলেন, তেমনি শেখ হাসিনার পাশেও নেতা-কর্মীরা থাকবেন।’
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ বক্তব্য দেন।