রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসা চলছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ৫০০ টাকার ইয়াবা কেনার জন্য মানুষ খুন করতে পারি। ইয়াবা সেবনের পরই আমি ওই প্রতিবন্ধী মেয়েকে আমার সাইকেলে করে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছি। প্রায়ই আমি এমনি করে নিয়ে যাই।’ ১৩ জুলাই রাত ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানায় আটক করে আনার পর মাদকসেবী আলাউদ্দিন প্রথম আলোকে এসব কথা বলেন।

পুলিশ জানায়, আলাউদ্দিন ১৬ বছরের এই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে সারা রাত রাখার পর ফেরত দিয়ে যান। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক প্রথম আলোকে বলেন, মাদক খুলনার একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় গড়ে উঠেছে মাদকের সিন্ডিকেট। আর এর সবই হচ্ছে রাজনৈতিক ছত্রচ্ছায়ায়।

খুলনা শহরের ১৬টি এলাকা ঘুরে দেখা গেছে, মাদকে ছেয়ে গেছে সব এলাকা। মাদক ব্যবসায়ীরা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে নিশ্চিন্তে ব্যবসা করছেন। স্থানীয় অন্তত ৫০ জন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণের মূলে রয়েছেন এখানকার প্রভাবশালী এক রাজনীতিকের কাছের লোকেরা। ফলে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে সাহস পায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না, কিছু করতেও পারি না। কারণ, প্রভাবশালী ব্যক্তিদের আছে ভাড়ায় খাটা সন্ত্রাসী।’

স্থানীয় পুলিশ কর্মকর্তা ও এলাকার লোকজন বলছেন, মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করছেন স্থানীয় সাংসদ মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ (ডন) এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (রাসেল)।

এলাকার অনেকে দুঃখ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, বিভিন্ন সভা-সেমিনারে রাজনৈতিক নেতারা মাদকের বিরুদ্ধে শপথ করান। আবার তাঁরা নিজেরাই মাদকের ব্যবসা করেন, মাদক সেবন করেন। পুলিশ এসব দেখেও চুপ থাকে।

সাংসদ মিজানুর রহমান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমি বিশ্বাস করি না, আমার নাম আছে। হয়তো আমার প্রতিপক্ষ এসব প্রচার করছে।’

তাহলে মাদকের বিস্তারের জন্য দায়ী কারা—এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘অল্প পয়সায় বেশি টাকার লোভ দেখিয়ে গডফাদাররা এসব করে।’ গডফাদার কারা, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আপনারা প্রশাসনের কাছে জানতে চান।’

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদের এক নিকটাত্মীয় পুলিশের এই অঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই কর্মকর্তার প্রভাব খাটিয়ে চলেন জেড এ মাহমুদ। এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যদি জেড এ মাহমুদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হোক।

এর ঘণ্টাখানেক পর জেড এ মাহমুদ এই প্রতিবেদককে কয়েক দফা ফোন করেন এবং ওই কর্মকর্তাকে ফোন করার কারণ জানতে চান। তিনি দাবি করেন, তিনি কখনো মাদককে প্রশ্রয় দেননি। রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে এসব কথা ছড়াচ্ছে।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানও দাবি করেন, তিনি মাদক ব্যবসায় জড়িত নন। তিনি বলেন, ‘এই শহরে চলছে গ্রুপিংয়ের রাজনীতি। যে ভালো করতে চায়, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়।’

১৩ জুলাই রাত ১২টা থেকে খুলনা শহরের দেবেনবাবু রোড, সোনালী নগর বউবাজারের পেছনে, ময়লাপোঁতা ও বানরগাতি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। এ সময় বিভিন্ন সড়কের মোড়ে ইয়াবা সেবনকারী সাত-আটজন যুবককে আটক করে। এই প্রতিবেদক অভিযান প্রত্যক্ষ করেন। পুলিশ ফেরিঘাট এলাকার টিনা বস্তিতে প্রাচীর দিয়ে ঘেরা ঘাস ও ঝোপঝাড়যুক্ত একটি জায়গায় অভিযান চালিয়ে মাটির মটকিতে অনেক ফেনসিডিল পায়। অনেক খালি বোতলও দেখা যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

সোনাডাঙ্গা এলাকায় পুলিশের তালিকাভুক্ত তিনজন নারী মাদক বিক্রেতার বাড়িতে গিয়েও অভিযান চালায়। বাড়িতে মাদক সেবনের জন্য মাদুর বিছানো রয়েছে। তবে ভেতরে তেমন কাউকে পাওয়া যায়নি। একটি বাড়ি থেকে একজন নারীকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেয়।

ওই অভিযানের নেতৃত্ব দেন খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আবদুল্লাহ আরেফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুরা এলাকাই মাদকের আস্তানা ছিল। আগে কখনো এসব এলাকায় পুলিশ ঢুকত না। আমি দায়িত্ব নেওয়ার পর অনেক আস্তানা গুঁড়িয়ে দিয়েছি।’

খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের ছত্রচ্ছায়ায় এসব হচ্ছে। এর চেয়ে বেশি আর বলার আমার সাহস নেই।’

খুলনায় মাদকের বিস্তারের বিষয়ে জানতে চাইলে সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ‘আপনি যা বলছেন, আমার জানামতেও তা-ই। এ বিষয়ে দলের তদবির করার কথা নয়, কিন্তু করে। মাদক নিয়ে ধরা পড়ার পরও আমাদের স্থানীয় সাংসদ এমন তদবির করেন, কী বলব।’ তিনি বলেন, সম্প্রতি খুলনায় যে খুনগুলো হয়েছে, সবই মাদকের কারণে।