কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। গতকাল সোমবার নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই হবে ৫ ও ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। ভোট গ্রহণ করা হবে ৩০ মার্চ। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে। নিয়োগ দেওয়া হয়েছে নয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা গতকাল দুপুরে নির্বাচন কমিশনে এ তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচনে সব দল অংশ নিক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম ঘটবে না। ভোট গ্রহণও সুষ্ঠু হবে।’
সিইসি বলেন, নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য কমিশনের দিক থেকে কড়া নজরদারি থাকবে। তিনি বলেন, ‘আমরা কারও অধীনে নই। প্রার্থিতা প্রত্যাহারে কারও ওপর চাপ প্রয়োগ করলে বা এ বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কমিশনকে সহযোগিতা করবে।’
কুমিল্লা সিটিতে প্রথম নির্বাচন হয়েছিল ২০১১ সালে নির্দলীয়ভাবে। এবার মেয়র পদে প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হবে।
সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচন ৩০ মার্চ
এদিকে গতকাল জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোট গ্রহণ হবে ৩০ মার্চ।
৫ ফেব্রুয়ারি সরকারি দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ ও জনসংযোগ বিভাগের উপপরিচালক এস এম আসাদুজ্জামান।