দলের তথ্য দিতে বাধ্য ইসি
নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের বিষয়ে তথ্য চাইলে নাগরিকদের সেই তথ্য দিতে কমিশন বাধ্য থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে এ-সংক্রান্ত রিট আবেদন করেছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ পাঁচজন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
রিট আবেদনকারীদের আইনজীবী শরিফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। ২০১৩ সালের জুন মাসে বদিউল আলম মজুমদার তথ্য অধিকার আইনের আওতায় নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাবের তথ্য জানতে চান। নির্বাচন কমিশন তখন জানায়, রাজনৈতিক দলের অনুমতি ছাড়া এ হিসাব দেওয়া যাবে না। এরপর তিনি কয়েক দফায় নির্বাচন কমিশন ও তথ্য কমিশনের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন। কিন্তু প্রতিবারই তাঁর আবেদন নাকচ করা হয়।
এরপর তিনিসহ ওই পাঁচজন ২০১৪ সালে আদালতে রিট আবেদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, ‘তথ্য কমিশন ও ইসিকে বিবাদী করে মামলাটি করা হয়। আমরা মূলত রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব চেয়ে মামলাটি করেছিলাম। কিন্তু আদালত বৃহৎ পরিসরে রায়টি দিল। এখন মানুষ রাজনৈতিক দলের যেকোনো তথ্য জানতে পারবে। এটি একটি যুগান্তকারী রায়।’