নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জমা দেওয়া নামের মধ্য থেকেই ১০ জনের চূড়ান্ত তালিকা করার কথা ভাবছে অনুসন্ধান কমিটি। এই তালিকা জনসমক্ষে প্রকাশ করা নিয়ে পক্ষে-বিপক্ষে রাজনৈতিক মত রয়েছে।
অবশ্য অনুসন্ধান কমিটির একাধিক সদস্য বলেছেন, ২০১২ সালের মতো এবারও ১০ জনের তালিকা প্রকাশ করা উচিত। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে কমিটির সদস্যরা আলাপ-আলোচনা করেই এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
কমিটি সূত্র জানায়, নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর পাঠানো নাম থেকে ইতিমধ্যে ২০টি নাম নেওয়া হয়েছে। নতুন কোনো নাম যুক্ত হওয়ার সম্ভাবনা আর নেই। এর কারণ হিসেবে কমিটির একাধিক সদস্য বলছেন, তাঁরা প্রত্যাশিত মানদণ্ডের ব্যক্তি পেয়ে গেছেন। এখন নামগুলো যাচাই-বাছাই শেষে সোমবারের বৈঠকেই ১০ জনের তালিকা চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে।
গত ৩১ জানুয়ারি রাজনৈতিক দলগুলো অনুসন্ধান কমিটির কাছে পাঁচটি করে নাম প্রস্তাব করে। এতে কমিটির হাতে ১২৫ থেকে ১৩০ জনের নাম আসে। তবে আনুষ্ঠানিকভাবে কয়েকটি দল ছাড়া অন্যরা নাম প্রকাশ করেনি। বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়েকটি দলের প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশ পায়। সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে দলগুলোর প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিষয়ে অভিযোগ ওঠে। ফলে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।
তবে কমিটির একজন সদস্য বলেন, বিতর্ক ওঠা ব্যক্তিদের সংখ্যা খুবই কম। তাঁদের মধ্যে সৎ, সাহসী ও প্রজ্ঞাবান ব্যক্তির সংখ্যাই বেশি। ফলে রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম-ই তাঁদের কাছে এখন পর্যন্ত প্রধান উৎস।
একাধিক সদস্যের মতে, দেশে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা সমর্থন না থাকা ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। তারপরও রাজনৈতিক দলগুলো খুব বেশি বিতর্কিত বা দলকানা ব্যক্তিদের নাম দেয়নি। বয়স ও অন্যান্য মানদণ্ড বিবেচনায় ২০ জনের তালিকা করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত ২০ জনের ব্যাপারে পৃথক জীবনবৃত্তান্ত সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী বৈঠকের আগেই তাঁদের পারিবারিক তথ্য, শিক্ষাজীবন, কর্মজীবন এবং অবসর-পরবর্তী সংশ্লিষ্টতা সংগ্রহ করা হবে। ব্যক্তিগত ধারণা ছাড়াও এগুলো পর্যালোচনা করে নাম চূড়ান্ত করবে কমিটি।
ওই সূত্র আরও জানায়, অনুসন্ধান কমিটি ১৬ জন বিশিষ্ট নাগরিকের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনের জন্য একটা পরামর্শ বা প্রস্তাবনা দিতে পারে। বিশিষ্ট নাগরিকদের এই মতামতের চুম্বক অংশ মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তুতি চলছে।
গত বৃহস্পতিবার অনুসন্ধান কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ‘সব না হলেও বিশিষ্ট নাগরিকদের মতামতের চুম্বক অংশ মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশের চেষ্টা করা হবে।’
২০১২ সালে অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতিকে যে ১০টি নাম সুপারিশ করে, তা প্রকাশ করা হয়। ফলে এবারও সুপারিশকৃত ব্যক্তিদের নাম গণমাধ্যমে প্রকাশ না করার কারণ দেখছে না কমিটি।
জানতে চাইলে অনুসন্ধান কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘গতবার যদি প্রকাশ করা হয়, তাহলে এবার কেন করা হবে না? তবে কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি এবং সার্চ কমিটি ঠিক করবেন তাঁরা প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশ করবেন কি করবেন না। আমার মনে হয়, এ ধরনের সুপারিশ আগেভাগেই প্রকাশ করা উচিত নয়। আকাশে যখন চাঁদ উঠবে, সবাই তা দেখতে পাবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের মতও এ রকম। প্রথম আলোকে তিনি বলেন, ‘সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করা ঠিক হবে না।’
সংক্ষিপ্ত তালিকা গণমাধ্যমে প্রকাশ করা উচিত কি না—এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘তালিকা প্রকাশ করা উচিত হবে না। সার্চ কমিটির গোপনীয়তা রক্ষা করাই ভালো।’
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সার্চ কমিটি যেহেতু দলগুলোর সঙ্গে আলাপ করে নাম সংগ্রহ করেছে, সেহেতু সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করা উচিত।
অনুসন্ধান কমিটির নিজেদের মধ্যে এ পর্যন্ত তিনটি বৈঠক করেছে। সব বৈঠকেই অনুসন্ধান কমিটির ছয়জন সদস্যই উপস্থিত ছিলেন। কমিটির দুজন সদস্য বলেন, এ পর্যন্ত অনুসন্ধান কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ হয়নি। এ জন্য খুব সহজেই তাঁরা ১০ জনের নাম চূড়ান্ত করে তা নির্ধারিত সময়ে রাষ্ট্রপতিকে দিতে পারবেন।
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি।