রাজনৈতিক দলের ভেতরে স্বৈরতন্ত্র চলছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতিতে এখন শুদ্ধতার ঘাটতি দেখা দিয়েছে। দলগুলোর ভেতরে একটা স্বৈরতন্ত্র চলছে। জাতীয় সংসদে ইদানীং চরিত্র হনন হচ্ছে, তির্যক মন্তব্য হচ্ছে। অথচ আগে আলোচনার বিতর্ক রসাত্মক ছিল।
গতকাল বুধবার জাতীয় জাদুঘরে ‘সাংস্কৃতিক ঘাটতি ও প্রগতির অন্ধকার’ শীর্ষক গণবক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে।
বর্তমানে নাগরিকদের মধ্যে শৃঙ্খলাবোধেরও অভাব দেখা দিয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর মন্ত্রী ও সাংসদেরা ৫০ জনের মতো ফুল দিতে যান—সেখানেও ধাক্কাধাক্কি করছেন। কী লজ্জার ব্যাপার!
শিক্ষকদের অতিমাত্রায় রাজনৈতিকীকরণেরও সমালোচনা করেন হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান বলেন, ‘আমাদের সবার আগে মানুষ হতে হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।