রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সংলাপে ৩১টি রাজনৈতিক দলকে ডাকেন রাষ্ট্রপতি। এখন তিনি দলগুলোর প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করবেন।

গতকাল বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং জাকের পার্টির সঙ্গে বৈঠকের মাধ্যমে তাঁর সংলাপ শেষ হয়। গত ১৮ ডিসেম্বর বিএনপিকে ডাকার মাধ্যমে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনে নিবন্ধিত সব বড় দলকেই ডাকেন তিনি।

দলগুলোর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বলেন, ইতিমধ্যে বিভিন্ন দল সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠনে সুচিন্তিত প্রস্তাব ও মতামত পেশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রস্তাব ও মতামত বিবেচনা করে শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন সম্ভব।

রাষ্ট্রপতির পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তাঁর প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি এখন রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করবেন। তারপর নির্বাচন কমিশন গঠনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

রাষ্ট্রপতির সঙ্গে গতকাল বুধবার প্রথম আলোচনায় যোগ দেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান দলটির নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁরা নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় গঠন এবং কমিশন সচিবালয়কে আর্থিক স্বাধীনতা প্রদানের প্রস্তাব করেন। এরপর বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খানের নেতৃত্বে ১০ সদস্যের এবং জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল পৃথকভাবে রাষ্ট্রপতির আলোচনায় অংশগ্রহণ করে।