রাজনৈতিক নেতা-কর্মীদের দৃষ্টিকটু আত্মপ্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপলক্ষ পেলেই হলো, রাজনৈতিক নেতা-কর্মীদের আত্মপ্রচারণামূলক ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় ঠাকুরগাঁও শহর। এসব ব্যানার-ফেস্টুনে ছোট করে দলের মূল নেতার ছবি আর বড় করে নিজের ছবি দিয়ে জনগণকে শুভেচ্ছা-অভিনন্দন জানাতে শুরু করেন তাঁরা। কিন্তু এই শুভেচ্ছা-অভিনন্দনের মূল উদ্দেশ্য আত্মপ্রচারণা। আর এই আত্মপ্রচারণা চালাতে গিয়ে নেতা-কর্মীরা নিজেদের অজান্তেই দলের মূল নেতাদের খাটো করছেন বলে অভিযোগ উঠেছে।
২০১৫ সালের ১৪ ডিসেম্বর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক চিঠিতে দলটির জেলা সভাপতি, অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের রাজনৈতিক ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সম্পর্কে নির্দেশনা দেন। এই নির্দেশনায় বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ছবি থাকছে। অথচ সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটু।’
নির্দেশনায় আওয়ামী লীগের জেলা সভাপতির মাধ্যমে অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের বিলবোর্ড, ব্যানার ইত্যাদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া অন্য কারও ছবি থাকলে সেই সব বিলবোর্ড, ব্যানার সরিয়ে ফেলতে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে ওই নির্দেশনা কোনো কাজেই আসেনি। আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা এখনো দৃষ্টিকটু উপায়ে আত্মপ্রচারণা চালিয়েই যাচ্ছেন।
গত ১৮ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলন ঘিরে বিলবোর্ড ও ফেস্টুন টাঙান দলের অনেক নেতা-কর্মী। কিন্তু এগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির চেয়ে সংগঠনের নেতাদের আত্মপ্রচারই বড় হয়ে ওঠে।
গত ২ এপ্রিল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত কর্মিসভা উপলক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে অভিনন্দন জানাতেও শহরে একই ধরনের বিলবোর্ড ও ফেস্টুন টাঙানো হয়।
এদিকে বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও আত্মপ্রচারণার জন্য বিলবোর্ড-ফেস্টুন টাঙানোর প্রবণতা দেখা গেছে।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে জাতির জনক ও দলের সভানেত্রীর ছবির চেয়ে নিজের ছবি বড় করে ছাপিয়ে এভাবে প্রচারণা চালানোটা দৃষ্টিকটু। এতে নিজেকে জাহির করা হলেও বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রীকে অসন্মান করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান বলেন, অনেকেই ব্যানার-ফেস্টুনে নিজের ছবি দিয়ে আত্মপ্রচারণা চালিয়ে থাকেন। দলে এ বিষয়ে তেমন কোনো নীতিমালা না থাকায় এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।