রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিকদের সম্মানে ওই ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন।
ইফতারে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আমন্ত্রণ জানানো হলেও তাঁরা কেউ যাননি। মূলত বিএনপি ও এর নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতারা ইফতারে যোগ দেন।
এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি (জাফর) টি আই এম ফজলে রাব্বি, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও ইফতারে অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া আসার আগে মির্জা ফখরুল ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এ সময় জামায়াত নেতা মুজিবুর রহমান মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করে বুকে জড়িয়ে ধরেন এবং তাঁর কপালে চুমু দেন। এর আগে মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কুশল বিনিময়কালে তাঁদের কপালেও চুমু দেন মুজিবুর রহমান।