রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা প্রয়োগের আহ্বান সাবেরের

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও তার সঠিক বাস্তবায়নে সরকার ও রাষ্ট্রপ্রধানদের দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা প্রয়োগের আহ্বান জানিয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের উদ্বোধনী দিনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন বিষয়ে আইপিইউ সভাপতি ভাষণ দেন।
সাবের হোসেন বলেন, আগে কখনো জনগণকে কেন্দ্র করে বিশ্বের শান্তি, সমৃদ্ধি, অংশীদারত্ব বিষয়ে এত ঘনিষ্ঠভাবে উদ্যোগ নেওয়া হয়নি। এই শীর্ষ সম্মেলন একটি নিরাপদ, টেকসই, সর্বব্যাপী ও সমৃদ্ধিশালী পথ তৈরি করবে। ইতিমধ্যে সদস্য দেশগুলোর মধ্যে এ নিয়ে প্রাকৃতিক অংশীদারত্ব তৈরি হয়েছে।
পার্লামেন্টের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, পার্লামেন্ট সত্যিকার অর্থেই তার সাংবিধানিক ভূমিকা পাললের মাধ্যমে উন্নয়ন পর্যালোচনা, সরকারের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং তারা যে অঙ্গীকার করেছে তা প্রয়োগ কারার বিষয়টি নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও জাতিসংঘ দেশগুলোর সহযোগিতার জন্য কাজ করবে।