রাজনৈতিক পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : ইনু

রাজনীতির পরিবেশ নষ্টকারী জঙ্গি এবং ভূপ্রাকৃতিক ও সামাজিক বলয় বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ভূপ্রাকৃতিক বলয়ের পাশাপাশি সামাজিক বলয়ের শৃঙ্খলা রক্ষা করা জরুরি। অপরিকল্পিত উন্নয়ন ও ভোগবাদী অর্থনীতির কারণে ভূপ্রাকৃতিক ও সামাজিক বলয় উভয়ই নষ্ট হচ্ছে বলেও মনে করেন তিনি।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে ‘চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫’ প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী রাষ্ট্রের ভূমিকার সঙ্গে সামাজিক চাহিদার সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘সামাজিক বলয় ও দারিদ্র্যবিমোচনে রাষ্ট্রকে উদ্দেশ্যমূলকভাবে হস্তক্ষেপ করতে হবে। রাষ্ট্রের ভূমিকার সঙ্গে সামাজিক চাহিদার সমন্বয় করতে হবে।’
চাঁদ সুলতানা পুরস্কার সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, চাঁদ সুলতানা একজন মহীয়সী নারী ছিলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর অন্যতম একটি কাজের ক্ষেত্র ছিল পরিবেশ উন্নয়ন। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে জীবন ও প্রকৃতি রক্ষা করার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।
বাংলাদেশর উন্নয়ন পরিমণ্ডলে বিশেষ করে পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি, পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কিত গবেষণা ও প্রকাশনা এবং দেশের তৃণমূল পর্যায়ে পরিবেশ শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনজীবনে ইতিবাচক প্রভাব বিস্তারে অনন্য অবদানের জন্য ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’কে ঢাকা আহ্ছানিয়া মিশন ‘চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫’ প্রদান করে। আহ্ছানিয়া মিশন উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি প্রদানের জন্য মিশনের প্রয়াত উপকরণ উন্নয়নবিদ ও সাক্ষরতা কুশলী চাঁদ সুলতানার স্মরণে ২০০১ সাল থেকে চাঁদ সুলতানা পুরস্কার প্রবর্তন করে। এ পর্যন্ত বিবিধ ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য নয় ব্যক্তি ও পাঁচটি সংস্থাকে চাঁদ সুলতানা পুরস্কার প্রদান করা হয়েছে।
আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশর (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহ্ছানুর রহমান। প্রয়াত চাঁদ সুলতানার পরিচিতি পাঠ করেন নাছিমা শাহীন।