রাজনৈতিক বক্তব্য দেওয়া আইজিপির কাজ নয়: জাসদ
রাজনৈতিক বক্তব্য দেওয়া পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাজ নয় বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটি বলেছে, রাজনৈতিক বক্তব্য দেওয়া আইজিপির কাজ নয়। এটা এখতিয়ারবহির্ভূত।
গতকাল শুক্রবার জাসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘জাসদ বঙ্গবন্ধুকে শান্তিতে থাকতে দেয়নি’—গণমাধ্যমে প্রকাশিত আইজিপি এ কে এম শহীদুল হকের এমন রাজনৈতিক বক্তব্যের প্রতি জাসদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাসদ বলেছে, ‘জাসদ নিয়ে আইজিপির ইতিহাস চর্চা শুধু বাড়াবাড়িই না, ভুলও বটে। আমরা মনে করি, রাজনৈতিক বক্তব্য দেওয়া আইজিপির কাজ, দায়িত্ব ও এখতিয়ার না।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে বক্তৃতা করেন আইজিপি এ কে এম শহীদুল হক। গণমাধ্যমে আইজিপির সেই বক্তব্য প্রকাশিত হয়েছে। আইজিপি ওই অনুষ্ঠানে বলেন, ‘স্বাধীনতার পর প্রতিকূল পরিবেশেও বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সে সময় “একটি মহল” তাকে শান্তিতে থাকতে দেয়নি। যারা মুষ্টিমেয় ব্যক্তি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল আর অতিবিপ্লবী...তখন বৈজ্ঞানিক সমাজতন্ত্র, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, জাসদের গণবাহিনী...এই সমস্ত লোকগুলি কিন্তু বঙ্গবন্ধুকে শান্তিতে থাকতে দেয়নি।’