রাজনৈতিক বিবেচনায় নাম তাই 'রাজনৈতিক পৌরসভা'
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা ভবনের দক্ষিণ পাশের দেয়াল-সংলগ্ন খেতে হালচাষ হয়। ২০০৩ সালে পৌরসভা হলেও এখানে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, নালা-নর্দমা নেই বললেই চলে।
পানির উৎস নাগরিকদের নিজস্ব নলকূপ। পৌরসভার ৩০ কিলোমিটার রাস্তার মধ্যে ১২ কিলোমিটার কাঁচা। নয়টি ওয়ার্ডের পাঁচটি (২, ৪, ৫, ৬ ও ৭) গ্রাম। সেখানে সড়ক বাতি নেই। পৌরসভার জনসংখ্যা ১৭ হাজার ১৬৮।
বগুড়ার গাবতলী পৌরসভা ভবনের মূল ফটকে বিভিন্ন মৌসুমে ফসল কেটে স্তূপ করে রাখেন স্থানীয় কৃষকেরা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পান না। শিবগঞ্জ পৌরসভারও নয়টি ওয়ার্ডের সাতটিই গ্রাম। নাগরিক সুযোগ-সুবিধা একেবারেই অপ্রতুল। কাহালুর অবস্থাও একই।
বগুড়া জেলা প্রশাসন ও কয়েকটি পৌরসভার কর্মকর্তারা বলেন, জেলায় উপজেলা ১১টি। পৌরসভা ১২টি। এর মধ্যে বগুড়া সদর, শেরপুর, দুপচাঁচিয়া ও সান্তাহার ছাড়া অন্যগুলো পৌরসভা হওয়ার যোগ্য নয়। চারটি পৌরসভায় বিভিন্ন নির্বাচনের সময় কেন্দ্র বসানোর জায়গা পাওয়া যায় না। ফলে অস্থায়ী কেন্দ্র বসাতে হয়। বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনায় এসব পৌরসভা করা হয়েছে। বিএনপির সময় হয়েছে ছয়টি ও তিনটি হয়েছে আওয়ামী লীগের সময়। আর তিনটি পুরোনো।
এই চিত্র শুধু বগুড়া-গাইবান্ধায় সীমাবদ্ধ নয়। দেশের প্রায় সব অঞ্চলেই এ রকম পৌরসভা রয়েছে। এগুলো করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়, পৌরসভা আইন ২০০৯ লঙ্ঘন করে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এগুলো নামে পৌরসভা হলেও কাজে কোনো সেবা নেই। এসব পৌরসভা করে জনগণের ওপর করের বোঝা চাপানো ছাড়া আর কিছুই হয়নি। এগুলো পৌরসভা হিসেবে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী তেমন কোনো শহরই পৌরসভা হতে পারে, যেখানে জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে দেড় হাজার। ৭০ শতাংশ অকৃষি জমি বা কৃষিজমির পরিমাণ ৩০ শতাংশের বেশি নয়।
এ ছাড়া বার্ষিক আয়ের একটি বিষয়ও আছে। তবে তা আইনে বলা হয়নি। বলা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি পরিপত্রে। সেই অনুযায়ী প্রথম শ্রেণির পৌরসভায় বছরে অন্তত এক কোটি টাকা, দ্বিতীয় শ্রেণির পৌরসভায় ৫০ লাখ এবং তৃতীয় শ্রেণির পৌরসভায় বার্ষিক ২৫ লাখ টাকা আয় থাকতে হবে।
পৌরসভার মেয়র-কাউন্সিলরদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ পৌরসভা সমিতির (মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ম্যাব) সভাপতি মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, আইন অনুসরণ করা হলে দেশের প্রায় ১০০ পৌরসভা বাতিল করে দিতে হবে। অর্থাৎ প্রায় ১০০টি পৌরসভা সংশ্লিষ্ট আইনের বিধান মেনে করা হয়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র বলে, স্থানীয় সাংসদ ও দলীয় রাজনীতিকদের তদবিরে রাজনৈতিক বিবেচনায় পৌরসভা গঠনের কার্যক্রম শুরু হয় ১৯৯১-৯২ সালে। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৪টি। সর্বশেষ গঠিত পৌরসভা হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা। কুয়াকাটা যে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আইন অনুযায়ী কুয়াকাটাও পৌরসভা হতে পারে না। আবাসিক হোটেলগুলো বাদ দিলে পর্যটনকেন্দ্র কুয়াকাটা এখনো গন্ডগ্রাম।
কুয়াকাটা সৈকতের পাশেই হেলাল উদ্দিনের চায়ের দোকান। পৌরসভা হওয়ার পর তাঁদের কী লাভ হয়েছে—জানতে চাইলে হেলালের জবাব, ‘জাগো জাগা আছে, তাগো লাভ হইছে। আমাগো জাগাজমি নাই। আমাগো কিছুই হয় নায়।’ স্থানীয় লোকজনের অভিমত, শুধু জমির দাম বাড়ানোর উদ্দেশ্যেই কুয়াকাটাকে পৌরসভা করা হয়েছে।
ব্যবসায়িক গুরুত্ব বিবেচনায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভা হলেও এখানে নাগরিক সুবিধা নগণ্য। সীমান্তবর্তী হিলি স্থলবন্দর ঘিরে পৌরসভার অবস্থান। এখানে নালা-নর্দমা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। আর্থিক দৈন্যদশার কারণে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া থাকে দেড় বছর পর্যন্ত। বিল দিতে না পারায় কখনো কখনো বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ।
যশোরের বাঘারপাড়া ও মনিরামপুর পৌরসভায় উন্নীত হলেও সেখানে পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই। দুটি পৌরসভাই ঋণগ্রস্ত। আয় থেকে কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার সামর্থ্য পৌরসভা দুটির নেই। উন্নয়ন খাতের টাকা থেকে ব্যয় মেটাতে হয়। মনিরামপুরকে পৌরসভা করা হয় ১৯৯৭ সালে। বাঘারপাড়া পৌরসভায় উন্নীত হয় ২০০২ সালে। এখন পর্যন্ত পৌরসভা দুটিতে পর্যাপ্ত রাস্তা-ঘাট, বৈদ্যুতিক লাইট, পয়ঃনিষ্কাশনব্যবস্থা, পানি সরবরাহ, খেলার মাঠ, গণশৌচাগারসহ নাগরিক সুবিধা নেই।
মনিরামপুর পৌরসভার মেয়র শহীদ মো. ইকবাল বলেন, প্রতি মাসে কর্মচারীদের বেতন ছয় লাখ টাকা। পৌরসভার আয় থেকে তা দেওয়া সম্ভব হয় না। বাঘারপাড়া পৌরসভার মেয়র আবদুল হাই মনা বলেন, এ পৌরসভায় বেতন বছরে ৩৬ লাখ টাকা। আর আয় হয় বছরে ২৫ লাখ টাকার মতো। পৌরসভার ৩০ লাখ টাকা ঋণ আছে।
বরিশালের উজিরপুরকে পৌরসভা ঘোষণা করা হয় ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি। ১৬ হাজারের মতো জনসংখ্যার এ পৌরসভায় প্রায় ৫০ কিলোমিটার রাস্তা আছে; যার এক কিলোমিটারও পিচঢালাই বা কংক্রিটের পাকা রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর। পাকা রাস্তা বলতে প্রায় ২০ কিলোমিটার ইট বিছানো রাস্তা, বাকিটা কাঁচা রাস্তা। সড়কবাতি নেই। উপজেলা পরিষদ ভবনের একটি কক্ষে পৌরসভার কার্যক্রম চলে। নিজস্ব ভবন, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশনব্যবস্থা, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, গোরস্থান বা শ্মশান কিছুই নেই।
ম্যাবের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৩২৪টি পৌরসভার মধ্যে মামলা-মোকদ্দমার কারণে পাঁচটির কার্যক্রম যথাযথভাবে চলছে না। অবশিষ্ট ৩১৯টির মধ্যে ২১৮টি পৌরসভাই ঋণগ্রস্ত। মাত্র ১০১টি পৌরসভা নিজস্ব আয় দিয়ে চলতে পারে। এর মধ্যে অনেকগুলোর আয় উদ্বৃত্তও থাকে, যা উন্নয়নকাজে ব্যয় করা হয়।
যে পৌরসভাগুলো স্বাবলম্বী নয়, অর্থাৎ নিজস্ব আয় দিয়ে যেসব পৌরসভা বেতন-ভাতা ও অন্যান্য সংস্থাপন ব্যয় নির্বাহ করতে পারে না, সেগুলোর বেতন-ভাতা বাবদ ব্যয় নির্বাহের জন্য সরকারের উচিত তিন থেকে পাঁচ বছরের জন্য মঞ্জুরি সহায়তা দেওয়া। পাশাপাশি এগুলোকে স্বাবলম্বী করে তোলার জন্য পরিকল্পনা নিয়ে তা কঠোর পরিবীক্ষণের মাধ্যমে বাস্তবায়ন করে এগুলোর আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া দরকার। এর পরও যেগুলো স্বাবলম্বী হতে পারবে না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।