রাজনৈতিক মদদেই মাঝেমধ্যে মৌলবাদী অপশক্তির ফণা তোলার অপচেষ্টা: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে মৌলবাদী অপশক্তি মাঝেমধ্যে যে ফণা তোলার অপচেষ্টা করে, তার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে।’

সচিবালয়ে আজ সোমবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি দেশে ঘাপটি মেরে থাকে, সময়ে সময়ে ফণা তোলার চেষ্টা করে। কোনোভাবেই এদের ফণা তুলতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, এই অপশক্তিকে পরাভূত করেই বাংলাদেশ রচিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই মৌলবাদী অপশক্তি, যারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, এরা ফণা তোলার চেষ্টা করতে পারত না, যদি না তাদের রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা না হতো।’

হাছান মাহমুদ বলেন, ‘একটি দল, একটি গোষ্ঠী তাদের রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয়। অথচ সেই দলের প্রতিষ্ঠাতার ভাস্কর্যও দেশের বিভিন্ন জায়গায় আছে। কিন্তু তা সত্ত্বেও তারা এই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেয়।’

তথ্যমন্ত্রী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানের মিলিত রক্তস্রোতের বিনিময়ে রচিত স্বাধীন বাংলাদেশে মৌলবাদী অপশক্তির কোনো স্থান হবে না।

এ সময় জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। সেই সঙ্গে আরও অনেক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যেগুলো পৃথিবীকে পথ দেখিয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের পাশাপাশি কাজ অব্যাহত রাখতে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক কাওসার রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন সাংবাদিক এ বৈঠকে অংশ নেন।