রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান চায় গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান এইচ সরকার। ফাইল ছবি।
ইমরান এইচ সরকার। ফাইল ছবি।

সরকারকে গণতান্ত্রিক অধিকার হরণ নয়, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
আজ রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। রাজনীতির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ, আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ, দেশের সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ গণজাগরণ মঞ্চ ঘোষিত ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
এ সময় লিখিত বক্তব্যে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, দেশের মানুষ আজ ভীতসন্ত্রস্ত। অজানা অনিশ্চয়তা আজ দেশজুড়‌ে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করার ষড়যন্ত্র চলছে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ক্ষমতা ও রাজনীতিকেরাই মূলত রাজনীতির বিষয়বস্তু, জনগণ বা তাদের প্রয়োজন কোনো বিষয় নয়। সরকার ও প্রশাসনযন্ত্র এ ধরনের অপরাজনীতি নিয়ন্ত্রণে তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না।

সরকারের উদ্দেশে ইমরান বলেন, ‘সারা দেশ আজ বার্ন ইউনিটে পরিণত হয়েছে। এখন পর্যন্ত হামলা-আক্রমণের যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষমতায় থাকতে হলে শুধু কথার ফুলঝুরি নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। সন্ত্রাস দমন করুন, গণতান্ত্রিক অধিকার হরণ নয়। গণতন্ত্রে সন্ত্রাস ও সন্ত্রাসের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই।’
‘পুড়ছে বাংলাদেশ, পুড়ছে মানবতা, ঐক্যবদ্ধ প্রতিবাদ রুখতে পারে সন্ত্রাস’—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার থেকে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় শাহবাগে ‘জাগরণযাত্রা’, সহিংস রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার না হলে সেদিন থেকে টানা অবস্থান কর্মসূচি, ৬ ফেব্রুয়ারি বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ‘মুক্তির অভিযাত্রা’ কর্মসূচির ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, সাংবাদিক আবু সাঈদ খান, বীর মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, অর্থনীতিবিদ আবুল বারকাত, অধ্যাপক মেসবাহ্‌ কামাল, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।