রাজবাড়ীতে আ.লীগের দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীকে গত শনিবার জেলা আওয়ামী লীগ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী মর্জিকেও দল থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং জেলা নেতাদের বিরুদ্ধে বিষোদ্গারের অভিযোগ রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভায় বিগত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া, সংগঠন ও সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং সরকারবিরোধী বক্তব্য প্রদান, জেলার শীর্ষ নেতাদের নামে বিষোদ্গার করায় আকবর আলী মর্জির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে জেলা কমিটির সহসভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কারের জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোলাম মাহাবুব রাব্বানীকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। শনিবারের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে গোলাম মাহাবুব রাব্বানী বলেন, দলের মধ্যে একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এটা তারই ধারাবাহিকতা।