রাজবাড়ীতে কৃষক লীগের পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে জেলা কৃষক লীগের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। অপর কমিটি করা হয়েছে জেলা আওয়ামী লীগের উদ্যোগে।
জেলা কৃষক লীগ সূত্রে জানা যায়, ২০০৮ সালে কৃষক লীগের জেলা কমিটি গঠন করা হয়। এতে নাদের আলী মুন্সীকে সভাপতি ও নুরে আলম সিদ্দিকী হককে সাধারণ সম্পাদক করা হয়। নাদের মুন্সীকে গুলি করে হত্যার পর প্রথম সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাসকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। পরে সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
১০ এপ্রিল কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক স্বাক্ষরিত একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুজ্জামান বিশ্বাসকে আহ্বায়ক, আবু বক্কার মিয়া, আবদুর রহিম মোল্লা, গোলাম সরোয়ার ও আজিমুল হককে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অপরদিকে ১৩ এপ্রিল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও আবু বক্কারকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন। এদিকে সংগঠনের আজাদ-বক্কার কমিটির উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বুধবার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে চারটার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষক লীগের জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার বলেন, কৃষক লীগের জেলা কমিটিকে ঢাকার কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয়।
নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘আমি বিগত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। কেন্দ্রীয় কমিটি আমাকে আহ্বায়ক করে নতুন কমিটি করেছে। আমি শান্তি চাই। এ জন্য আজ কর্মসূচি দিই নাই। শনিবার নতুন কমিটির সভা করে কর্মসূচি দেব। কৃষক লীগের কমিটি করবে কৃষক লীগ, আওয়ামী লীগ নয়।’
আবুল কালাম আজাদ বলেন, ‘দীর্ঘদিন সংগঠনের কার্যক্রম ছিল না। স্থানীয় দুজন সাংসদ নতুন কমিটি করে দিয়েছেন। আর আমাদের বৈধতা আছে বলেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা করার সুযোগ পেয়েছি।’
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, কৃষক লীগের কমিটি করবেন কৃষক লীগের নেতারা। কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এর তিন দিন পরে আরেকটি কমিটি ঘোষণা করে সংগঠনকে ধ্বংস করার পাঁয়তারা চালানো হচ্ছে।