রাজবাড়ীতে ছাত্রদল নেতা কারাগারে
চার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতা আরিফুল ইসলামকে (রোমান) গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আরিফুল রাজবাড়ী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায়। বাবার নাম আশরাফুল ইসলাম।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে করা চারটি মামলায় আরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে এসব মামলা হয়। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর (রেলগেট) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানা-পুলিশের একটি দল।
পুলিশ গতকাল দুপুরে আরিফুলকে রাজবাড়ীর বিচারিক হাকিম আদালতে হাজির করে। এ সময় আরিফুল দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া থেকে বিরত রাখতে ও হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
আরিফুলের আইনজীবী নেকবর হোসেন বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এক মামলায় আরিফুল এর আগে আদালত থেকে জামিন পান। পরবর্তী সময়ে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গতকাল আদালতের কাছে ওই মামলায় তাঁর জামিনের আবেদন করা হয়। বিচারক নাসিমা তালুকদার আবেদন মঞ্জুর করেন। কিন্তু অন্য তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিকেলে আরিফুলকে কারাগারে পাঠায় পুলিশ।