ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলার দুটি ইউপিতে গত শুক্রবার রাতে সংঘর্ষে এক কলেজছাত্রসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আর ফরিদপুরের ভাঙ্গায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন।
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ও সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায়। হাবাসপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুল আলীম মণ্ডল ও দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল মামুন খান। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের কাচারীবাজার এলাকায় ভোট চাওয়ার সময় আলীম ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আনিসুর রহমান নামে এক কলেজছাত্র আহত হন।
এ ছাড়া সরিষা ইউনিয়নে রাত ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আজমল আল বাহার ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সোবহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক।
ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায়। উপজেলার ঘারুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিউদ্দিন মোল্লার সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দিতে গতকাল শনিবার আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ও নৌকা প্রতীক আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জাহাপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো. শামসুল ইসলাম বলেন, ভোরে দুর্বৃত্তরা মির্জাকান্দি এলাকায় তাঁর একটি নির্বাচনী কার্যালয় ও পাশের একটি চায়ের দোকানও পুড়িয়ে দেয়।
এ ছাড়া বাগাট ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মুরাদ মিয়ার পোস্টার পুড়িয়ে দেওয়া এবং একটি নির্বাচনী ক্যাম্প দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান খানের বিরুদ্ধে।
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থী মনির হোসেনের সমর্থকদের হামলায় দলের প্রার্থী ওসমান গণি মোল্লার ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাগদৈল বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে শুক্রবার রাতে দুর্বৃত্তরা যুবদলের নেতা হারিস মোহাম্মদের দোকানে অগ্নিসংযোগ করে। হারিস বলেন, ৩১ মার্চ অনুষ্ঠিত জায়ফরনগর ইউনিয়নে তিনি বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বিজয়ী মাছুম রেজার পক্ষে কাজ করেন। নির্বাচনী বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কোনো দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বলে তাঁর সন্দেহ।
এদিকে রাজনগর উপজেলায় পৃথক দুটি সংঘর্ষে ইউপি সদস্যসহ ১১ জন আহত হয়েছেন শুক্রবার রাতে। উপজেলার উত্তরভাগ ও সদর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বাঁধবাজার এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ঝুনু মিয়ার সমর্থকেরা প্রচারণা শেষে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মনাফের সমর্থকেরা বাজারে মিছিল বের করেন। মিছিল চলার একপর্যায়ে দুপরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
কুড়িগ্রামের রাজারহাট বিদ্যানন্দ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তাইজুল ইসলামের লোকজনের ওপর দলের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেনের লোকজন হামলা চালালে ছয়জন গুরুতর আহত হন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যানন্দ ইউনিয়নে ডাংরারহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বিদ্রোহী প্রার্থীর ভাই নুর ইসলামকে আটক করা হয়েছে।
এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ফরিদপুর ও কুড়িগ্রাম অফিস, রাজবাড়ী, মৌলভীবাজার, জুড়ী ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।