রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল রোববার জেলা বিএনপির ব্যানারে দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে।

এক পক্ষের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অপর পক্ষের নেতৃত্ব দেন সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক এবং দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

সকাল সাতটার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সাবেক সাংসদ নাছিরুল হক সাবু, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম প্রমুখ।

এম এ খালেক ও হারুনের পক্ষের উদ্যোগে সকালে রেলস্টেশন এলাকায় নেতা-কর্মীরা সমবেত হন। সকাল ১০টার দিকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় এম এ খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন হারুন অর রশিদ, সহসভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ।