রাজবাড়ীতে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা লিগ্যালএইড কমিটির মাসিক সভা গত সোমবার বিকেলে জেলা জজশিপের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত জেলা ও দায়রা জজ এবং কমিটির চেয়ারম্যান মো. আমিনুল হক।
সভার শুরুতে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সফিউল আজম, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক এ টি এম মোস্তফা মিঠু, সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ ও (জিপি) মো. আনোয়ার হোসেন, জেল সুপার মো. আনোয়ারুল করিম প্রমুখ বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এ সংস্থার মাধ্যমে দেশের সব জেলার গরিব ও অসহায় মানুষ সরকারি খরচে আইনি সহায়তা পাচ্ছে।