রাজশাহী আ.লীগে দ্বন্দ্ব: ১২ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৮ ডিসেম্বর। এই সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব উত্তাপ ছড়াচ্ছে। এর জেরে সম্প্রতি ফেসবুকে ছড়ানো বিদ্বেষ থেকে ছাত্রলীগের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোদাগাড়ীর উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।

ছাত্রলীগের ওই নেতার নাম মো. রুবেল হোসেন। তিনি গোদাগাড়ী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবা সইবুর রহমান মামলাটি করেছেন। গোদাগাড়ী থানার আমলি আদালত-৬-এ গত রোববার মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির অনুসারী বলে পরিচিত। এ ছাড়া গোদাগাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানাকেও (৩০) আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন শামীম আক্তার (৩৬), কাউসার মাসুম (৪২), শাকিল খান (২৩), ইসাহাক আলী (২৫), সেলিম রেজা (৩০), ইমরুল কায়েস (৩০), সোহাগ আলী (২৫), রিজন আলী (২৫), মো. সালভী (২০) ও মো. হৃদয় (২০)। তাঁরা স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী।

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেওয়ায় তা কেন্দ্র পর্যন্ত গড়ায়। ছাত্রলীগের নেতা রুবেল গতকাল মঙ্গলবার জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট থেকে ঘটনার সূত্রপাত। তাঁর ফেসবুক আইডির ছবি ব্যবহার করে একই নামে হুবহু আরেকটি ফেসবুক আইডি কে বা কারা খোলে। তারপর সেই আইডি থেকে মেসেঞ্জারে শাকিল নামের আরেকজনের সঙ্গে বার্তা আদান–প্রদান করা হয়। এই কথোপকথনে উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে অশ্লীল ও আপত্তিকর কথা লেখা হয়। এই কথোপকথনে রুবেলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের গ্রুপে ফেলা হয়েছে। কথোপকথনে ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সমর্থকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এরপর সেই কথোপকথনের স্ক্রিনশট নেওয়া হয়। স্ক্রিনশট এরপর মিম আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। আর এতেই উত্তেজনা দেখা দেয় এলাকায়। 

মামলার এজাহারে বলা হয়েছে, ফেসবুকে স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়ার পর উপজেলা চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত শুক্রবার উপজেলা চেয়ারম্যান রুবেলকে ফোন করে হুমকি দেন। বলেন, আগুন দিয়ে পুরো বংশকে পুড়িয়ে মারা হবে। এর কিছুক্ষণ পরই মামলার অন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর মাস্টারপাড়া মহল্লায় রুবেলের বাড়িতে তাঁকে খুঁজতে যান। বাড়িতে রুবেলকে না পেয়ে আসবাব ভাঙচুর করেন। স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যান। 

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ফেসবুকে গালাগালি ও হুমকি দেওয়ায় তিনি নিজেও জিডি করেছেন। নিজেকে বাঁচানোর জন্য রুবেল বাড়িতে হামলার অভিযোগ করছেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তেজিত লোকজন রুবেলের বাড়িতে তাঁকে খুঁজতে গিয়েছিলেন। কিন্তু সেখানে হামলার ঘটনা ঘটেনি। রুবেলের ফেসবুক ‘হ্যাকড’ হয়েছে কি না, তা এখনো যাচাই করতে পারেননি।