রাজশাহী জেলা যুবলীগের সভাপতি হলেন আবু সালেহ
এক যুগ পর গত মঙ্গলবার রাজশাহী জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ। আর ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ এইচ এম খালিদ ওয়াসি কেটু।
নগরের কাশিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত ১২টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে বর্তমান সভাপতি আবু সালেহ ছিলেন একক প্রার্থী। তাই এ পদে ভোট নেওয়ার প্রয়োজন হয়নি। তবে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাঁরা হলেন আগের কমিটির যুগ্ম সম্পাদক এ এইচ এম খালিদ ওয়াসী কেটু, যুবলীগ নেতা আবদুল মান্নান ও ইয়াসির আরাফাত সৈকত।
ভোটে সম্পাদক পদে খালিদ ওয়াসী কেটু পেয়েছেন ১৫০ ভোট, আবদুল মান্নান ১৩২ ভোট ও ইয়াসির ২০ ভোট।
সর্বশেষ ২০০৪ সালের ১৯ এপ্রিল জেলা যুবলীগের সম্মেলন হয়।